সাতক্ষীরার শ্যামনগর উপজেলার সুন্দরবনের কলাগাছিয়া মুল্লিখালের ভারানির মুখ এলাকায় বনদস্যুর গুলিতে আতিয়ার রহমান (৬৫) নামে এক কাঁকড়া শিকারি আহত হয়েছেন।
মঙ্গলবার (৭ এপ্রিল) বেলা ১১টার দিকে ঘটনাটি ঘটে। আহত আতিয়ার উপজেলার বুড়িগোয়ালিনী ইউনিয়নের মৃত মান্দার গাজীর ছেলে।
সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের বুড়িগোয়ালিনী স্টেশন কর্মকর্তা ফজলুল হক এ তথ্য জানিয়েছেন।
স্থানীয় সূত্র জানায়, প্রতিদিনের মতো সকালে সুন্দরবনের নির্দিষ্ট এলাকায় কাঁকড়া আহরণ করতে যান আতিয়ার। এসময় বনদস্যুদের একটি দল সেখানে উপস্থিত হয়ে আতিয়ারকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে তিনি গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন। পরে সহযোগী জেলেরা দ্রুত তাকে উদ্ধার করে নিকটবর্তী নিরাপদ স্থানে নিয়ে যান।
স্থানীয়রা বলেন, সুন্দরবনের বিভিন্ন খাল ও নদীতে প্রায়ই বনদস্যুদের তৎপরতা দেখা যায়, ফলে জেলে ও বনজীবীদের জীবন-জীবিকা হুমকির মুখে পড়ছে।
সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের বুড়িগোয়ালিনী স্টেশন কর্মকর্তা ফজলুল হক বলেন, “বেলা ১২টার দিকে গুলিবিদ্ধ অবস্থায় বুড়িগোয়ালিনী এলাকার জেলে আতিয়ার রহমান আমাদের অফিসে আসেন। তাৎক্ষনিক আহত জেলেকে প্রাথমিক চিকিৎসা দেওয়ার জন্য শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। বিষয়টি শ্যামনগর থানা পুলিশ ও কৈখালী কোস্ট গার্ডকে জানানো হয়েছে।”