অনলাইন প্রেডিকশন প্ল্যাটফর্ম পলিমার্কেট বর্তমানে এক রহস্যময় ও সফল বাজিকরকে নিয়ে উত্তাল।
বিশ্বরাজনীতির সংবেদনশীল ঘটনাপ্রবাহের ফলাফল নিয়ে বাজি ধরার এই প্ল্যাটফর্মে একজন বেনামী ব্যবহারকারী ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার যুদ্ধবিরতির সঠিক সময় অনুমান করে প্রায় ৪ লাখ মার্কিন ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪ কোটি ৭০ লাখ টাকার বেশি) জিতে নিয়েছেন। খবর আল-জাজিরার।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এর নজরদারি অ্যাকাউন্ট ‘পলিমার্কেট হিস্ট্রি’ এই তথ্য সামনে এনেছে।
তাদের তথ্যানুযায়ী, ওই নির্দিষ্ট ব্যবহারকারী দুটি অত্যন্ত নিখুঁত বাজি ধরেছিলেন। প্রথম বাজি- ইরানে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযান শুরুর সঠিক সময়। দ্বিতীয় বাজি- বুধবার দুই দেশের মধ্যে যুদ্ধবিরতি চুক্তির সঠিক তারিখ।
এতটা নিখুঁতভাবে দুটি স্পর্শকাতর ঘটনার সময় মিলিয়ে দেওয়াকে নিছক ভাগ্য হিসেবে দেখছেন না অনেকেই। ঘটনার প্রেক্ষাপটে পলিমার্কেটে ‘ইনসাইডার ট্রেডিং’ বা গোপন তথ্য ফাঁসের মাধ্যমে বাজি ধরার জোরালো অভিযোগ উঠেছে। সমালোচকদের মতে, ওই ব্যবহারকারীর কাছে হয়তো মার্কিন নীতিনির্ধারক পর্যায়ের কোনো গোপন তথ্য আগে থেকেই ছিল।
সন্দেহজনক বাজির ঘটনা এটিই প্রথম নয়। এর আগে চলতি বছরে যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভেনেজুয়েলা আক্রমণ করেন, তখনও বেশ কিছু নতুন ও বেনামী অ্যাকাউন্ট থেকে একইভাবে নিখুঁত বাজি ধরা হয়েছিল। বর্তমান ইসরায়েল-ইরান উত্তেজনার মাঝেও এ ধরনের সন্দেহজনক লেনদেন ও বাজি ধরার হার আশঙ্কাজনকভাবে বেড়েছে।
পলিমার্কেটে সাধারণত ব্যবহারকারীরা ভবিষ্যৎবাণী বা প্রেডিকশনের ওপর ভিত্তি করে ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে বাজি ধরে থাকেন। তবে গুরুত্বপূর্ণ রাজনৈতিক ও সামরিক সিদ্ধান্তের ক্ষেত্রে এই প্ল্যাটফর্মের স্বচ্ছতা এখন বড় ধরনের প্রশ্নের মুখে পড়েছে।