বিনোদন

চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ড, মমো ইনে তারার মেলা

এক মঞ্চে সমবেত হয়েছিলেন বাংলাদেশের সংগীতজগতের উজ্জ্বল নক্ষত্ররা। প্রাচীন পুণ্ড্রনগরী বগুড়ার নান্দনিক পাঁচতারকা হোটেল অ্যান্ড রিসোর্ট ‘মমো ইন’-এ বসেছিল সুরের মহামিলনমেলা। উপলক্ষ—২০তম টিএমএসএস চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ড। মঙ্গলবার (৭ এপ্রিল) সন্ধ্যায় মমো ইনের উন্মুক্ত চত্বরে বিশাল মঞ্চে জমকালো এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

এ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ফরিদুর রেজা সাগর, তথ্যমন্ত্রী জহিরউদ্দীন স্বপন এবং টিএমএসএস-এর প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক ড. হোসনে আরা বেগম। এরপর আজীবন সম্মাননা প্রাপ্ত শিল্পী কনকচাঁপার নাম ঘোষণা করেন অভিনেত্রী ও নির্মাতা আফসানা মিমি। করতালির মাধ্যমে অতিথিরা তাকে অভিবাদন জানান। এরপর কনকচাঁপাকে পরিয়ে দেওয়া হয় উত্তরীয়, তুলে দেওয়া হয় সম্মাননা স্মারক ও চেক। 

এ আসরে বিশেষ সম্মাননা পেয়েছেন লোকগানের প্রবাদপ্রতিম শিল্পী কাঙ্গালিনী সুফিয়া। তার নামও ঘোষণা করেন আফসানা মিমি ও খায়রুল বাশার। মঞ্চে উপস্থিত অতিথিরা তাকে সম্মাননা তুলে দেন। 

পুরস্কার প্রদান অনুষ্ঠানে গান পরিবেশন করেন কাঙ্গালিনী সুফিয়া

জমকালো এই আয়োজনের সূচনা হয় দেশাত্মবোধক গানের সমবেত পরিবেশনায়। কণ্ঠ মেলান রফিকুল আলম, ফেরদৌস আরা, অণিমা রায় এবং চ্যানেল আই সেরা কণ্ঠ ও ক্ষুদে গানরাজের শিল্পীরা। 

এরপর একে একে মঞ্চ মাতান তানভীর আলম সজীব ও তার দল, মেহরীন ও মাহতিম সাকিব, খুরশীদ আলম, বাপ্পি, লিজা, সাব্বির, লুইপা, শওকত হায়াত খান, ইমরান, কোনাল, অনন্যা, বিউটি, সালমা, আতিয়া আনিসা, শফিক তুহীন, ঝিলিক, কিশোর এবং অভিনেত্রী অপু বিশ্বাস ও অভিনেতা আদর আজাদ। 

সংগীতের দুই কিংবদন্তি রুনা লায়লা ও সাবিনা ইয়াসমিনের সংগীত পরিবেশনায় মুগ্ধ হন দর্শকরা। 

পুরস্কার প্রদান অনুষ্ঠানে গান পরিবেশন করেন খুরশীদ আলস ও রুনা লায়লা

২০তম টিএমএসএস চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডের প্রকল্প পরিচালক ছিলেন রাজু আলীম। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন অপু মাহফুজ ও নীল হুরে জাহান।

মোট ১৮টি বিভাগে পুরস্কার প্রদান করা হয়। এর মধ্যে উল্লেখযোগ্য হলো— আধুনিক গানে শ্রেষ্ঠ শিল্পী লিজা (খুব প্রিয় আমার), শ্রেষ্ঠ সুরকার বাপ্পা মজুমদার (অবশেষে), শ্রেষ্ঠ গীতিকার তারেক আনন্দ (প্রেমবতী) ও শাহনাজ কাজী (মা), শ্রেষ্ঠ ব্যান্ড মেট্রিক্যাল (গণতন্ত্রের ঘুড়ি), শ্রেষ্ঠ দ্বৈত কণ্ঠশিল্পী ইমরান ও সিঁথি সাহা (প্রেম বুঝি), লোকগানে শ্রেষ্ঠ শিল্পী বিউটি (চার চাঁদে দিচ্ছে ঝলক), ছায়াছবির গানে শ্রেষ্ঠ শিল্পী আতিয়া আনিসা (ছোট্ট সোনা), শ্রেষ্ঠ সুরকার শওকত আলী ইমন, শ্রেষ্ঠ মিউজিক ভিডিও নির্মাতা তানভীর তারেক, নজরুলসংগীতে শহিদ কবির পলাশ, উচ্চাঙ্গসংগীতে নাশিদ কামাল এবং নবাগত শিল্পী সভ্যতা।

এই আয়োজনের পৃষ্ঠপোষক ছিল টিএমএসএস, মমো ইন ফাইভ স্টার হোটেল অ্যান্ড রিসোর্ট, এসআর গ্রুপ, অ্যাডভান্স ডেন্টাল ম্যাক্সিলোফেসিয়াল হাসপাতাল, পিউলি, ক্ল্যাসিক্যাল হোম টেক্স, ইম্পোরিয়াম প্রপার্টিজ লিমিটেড ও ধ্রুব মিউজিক স্টেশন। 

পুরস্কার প্রদান অনুষ্ঠানে পারফর্ম করছেন অপু-আদর

ঢাকা থেকে প্রায় আড়াই শ’ শিল্পী, কলাকুশলী ও বিশিষ্টজন এই আয়োজনে অংশ নেন—যা এক রাতের জন্য বগুড়াকে রূপ দিয়েছিল সুরের রাজধানীতে।