সারা বাংলা

গাজীপুরে নৈশ্যপ্রহরীর বাড়িতে ডাকাতি, বাধা দেওয়ায় নারীকে হত্যা

গাজীপুর সদর উপজেলার পিরুজালী মধ্যপাড়া এলাকায় বাড়িতে ঢুকে আসমা আক্তার (৫৫) নামে এক নারীকে হত্যা করে মূল্যবান জিনিসপত্র নিয়ে গেছে ডাকাতরা। বুধবার (৮ এপ্রিল) সকালে নিহতের লাশ উদ্ধার করে পুলিশ। 

এর আগে, মঙ্গলবার (৭ এপ্রিল) মধ্যরাত ২টার দিকে ঘটনাটি ঘটে।

নিহত আসমা আক্তার একই এলাকার আনিসুর রহমানের স্ত্রী। আনিসুর ও তার ছেলে নৈশপ্রহরীর কাজ করেন।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, পিরুজালী মধ্যপাড়া এলাকার বাসিন্দা অনিসুর স্থানীয় একটি কারখানায় ও তার ছেলে নাজমূল সাকিব পিরুজালী আদর্শ উচ্চ বিদ্যালয়ে নৈশ্যপ্রহরীর চাকরি করেন। মঙ্গলবার রাত ২টার দিকে একদল ডাকাত আনিসুরের বাড়িতে প্রবেশ করে।

ডাকাতদল আনিসুরের ছেলের বউ আরিফা আক্তারকে হাত-পা বেঁধে রাখে। এসময়ে বাধা দিলে আসমা আক্তারের গলায় গামছা পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করে ডাকাতরা। পরে তারা ঘর থেকে নগদ তিন লাখ টাকা ও স্বার্ণালংকারসহ মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায়। বুধবার সকালে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

পিরুজালী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান জালাল উদ্দিন বলেন, “মধ্যরাতে নৈশ্যপ্রহরীর বাড়িতে ডাকাতি হয়েছে। শুনেছি, ডাকাতদের কাজে বাধা দেওয়ায় এক নারীকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।”

জয়দেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নয়ন কর জানান, আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। এটি ডাকাতি নাকি অন্য কোনো ঘটনা তা তদন্ত করা হচ্ছে।