ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক এই নীতিকে সামনে রেখে দেশের প্রায় ৪ কোটি পরিবারকে পর্যায়ক্রমে ফ্যামিলি কার্ড কর্মসূচির আওতায় আনার পরিকল্পনার কথা পুনর্ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বুধবার (৮ এপ্রিল ২০২৬) সকালে জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে নোয়াখালী-১ আসনের সংসদ সদস্য এ. এম. মাহবুব উদ্দিনের এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী তারেক রহমান এ তথ্য জানান। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।
প্রধানমন্ত্রী বলেন, “সামাজিক নিরাপত্তা জোরদার করতে সরকার পরিবারকেন্দ্রিক উন্নয়ন কৌশল গ্রহণ করেছে। এই দর্শনের অংশ হিসেবে চালু করা হয়েছে ফ্যামিলি কার্ড কর্মসূচি।”
তিনি জানান, প্রাথমিক পর্যায়ে গত ১০ মার্চ ২০২৬ থেকে দেশের ১০টি জেলা ও ৩টি সিটি কর্পোরেশনের মোট ৩৭ হাজার ৮১৪টি পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হয়েছে।
পর্যায়ক্রমে দেশের প্রান্তিক ও নিম্নআয়ের প্রায় ৪ কোটি পরিবারকে এই কর্মসূচির আওতায় আনার পরিকল্পনা রয়েছে বলেও জানান তিনি।
নোয়াখালী-১ (চাটখিল ও সোনাইমুড়ী) আসনের প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, “ওই এলাকার দরিদ্র পরিবারের নারী সদস্যদের ক্ষমতায়ন ও স্বাবলম্বী করতে দ্রুত এই কর্মসূচির আওতায় আনা হবে। ”