জাতীয়

শেরপুর-৩ ও বগুড়া-৬: প্রবাসীদের ভোট এসেছে মাত্র ৪টি

শেরপুর-৩ ও বগুড়া-৬ সংসদীয় আসনের নির্বাচনে প্রবাসী ভোটারদের তেমন সাড়া মেলেনি। দুই আসনে মোট ১ হাজার ৬৬৪ জন প্রবাসী ভোটারের কাছে পোস্টাল ব্যালট পাঠানো হলেও রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে পৌঁছেছে মাত্র ৪টি ভোট।

বুধবার (৮ এপ্রিল) সকাল ৯টা পর্যন্ত প্রাপ্ত তথ্য অনুযায়ী, নির্বাচন কমিশন (ইসি) সূত্র জানায় বগুড়া-৬ আসনে ১ হাজার ২৮১ জন এবং শেরপুর-৩ আসনে ৩৮৩ জন প্রবাসী ভোটারের কাছে ব্যালট পাঠানো হয়। তবে এর মধ্যে বগুড়া-৬ আসনে মাত্র ৩টি এবং শেরপুর-৩ আসনে মাত্র ১টি পোস্টাল ব্যালট ফেরত এসেছে।

অন্যদিকে, দেশের অভ্যন্তরে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে পোস্টাল ভোটে অংশগ্রহণ তুলনামূলক বেশি দেখা গেছে। বগুড়া-৬ আসনে ২ হাজার ৪৫৫ জনের মধ্যে ৬১৬টি এবং শেরপুর-৩ আসনে ৩ হাজার ১৯০ জনের মধ্যে ১ হাজার ২৪৫টি ব্যালট রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে এসে পৌঁছেছে।

ইসি ঘোষিত তফসিল অনুযায়ী, আগামীকাল বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত দুই আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ভোটগ্রহণ চলাকালীন সময় পর্যন্ত পৌঁছানো পোস্টাল ভোট গণনায় অন্তর্ভুক্ত করা হবে।

বগুড়া-৬ আসনটি শূন্য হওয়ায় নতুন তফসিল ঘোষণা করে নির্বাচন আয়োজন করা হচ্ছে। আর শেরপুর-৩ আসনে পূর্বে এক প্রার্থীর মৃত্যুজনিত কারণে ভোট স্থগিত হওয়ায় পুনঃতফসিল দিয়ে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।