ঢাকার তেজগাঁওয়ে যাত্রীবাহী বাসের ধাক্কায় মামুন ফরাজি (৩৩) নামে এক অটোরিকশাচালক নিহত হয়েছেন।
বুধবার (৮ এপ্রিল) দুপুর ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। পরে পথচারীরা তাকে মুমূর্ষ অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুপুর সোয়া ১টার দিকে মৃত ঘোষণা করেন।
নিহতকে হাসপাতালে নিয়ে আসা পথচারী কাজী ফয়সাল জানান, দুপুরের দিকে ঘটনাস্থল দিয়ে যাওয়ার সময় লাব্বাইক পরিবহনের একটি বাস অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে চালক গুরুতর আহত হলে তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে যান। পরে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোহাম্মদ ফারুক বলেন, দুর্ঘটনায় নিহত ব্যক্তির এনআইডি কার্ড থেকে তার পরিচয় নিশ্চিত করা হয়েছে। তার নাম মামুন ফরাজি। তার বাবার নাম সিকদার ফরাজী। বাড়ি নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে।
তিনি জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।