খেলাধুলা

মুসলিমবিরোধী স্লোগানে স্পেনকে শাস্তি দিচ্ছে ফিফা

স্পেনের একটি প্রীতি ম্যাচে মুসলিমবিরোধী স্লোগান শোনার ঘটনায় কঠোর অবস্থান নিয়েছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা। স্প্যানিশ ফুটবল ফেডারেশনের বিরুদ্ধে আনুষ্ঠানিক শৃঙ্খলাভঙ্গের তদন্ত শুরু করা হয়েছে।

গত সপ্তাহে বার্সেলোনার একটি স্টেডিয়ামে মিশরের বিপক্ষে ম্যাচ চলাকালে গ্যালারি থেকে শোনা যায় বিতর্কিত স্লোগান- “তুমি লাফ দিচ্ছ না মানে তুমি মুসলিম।” মুসলিম সংখ্যাগরিষ্ঠ একটি দেশের বিপক্ষে এমন আচরণ ফুটবল বিশ্বে তীব্র সমালোচনার জন্ম দেয়।

ঘটনার পর ভিডিও ফুটেজ, রেফারির প্রতিবেদন, ম্যাচ পরিদর্শক এবং নিরাপত্তা দলের রিপোর্ট খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নেয় ফিফা। সম্ভাব্য শাস্তির মধ্যে রয়েছে জরিমানা থেকে শুরু করে স্টেডিয়াম আংশিক বা সম্পূর্ণ বন্ধ করে দেওয়ার মতো কঠোর পদক্ষেপ।

শুধু আন্তর্জাতিক সংস্থাই নয়, বার্সেলোনার স্থানীয় পুলিশও ইসলামবিদ্বেষী ও বর্ণবাদী স্লোগানের তদন্ত শুরু করেছে।

এই ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন স্প্যানিশ ফুটবল ফেডারেশনের সভাপতি ও জাতীয় দলের কোচ। একই সঙ্গে মানসিকভাবে আঘাত পেয়েছেন দলের তরুণ তারকা লামিনে ইয়ামাল, যিনি নিজেও মুসলিম।

১৮ বছর বয়সী এই ফুটবলার সামাজিক মাধ্যমে নিজের অবস্থান স্পষ্ট করে বলেন, “আমি মুসলিম, আলহামদুলিল্লাহ। স্টেডিয়ামে যে স্লোগান দেওয়া হয়েছে, তা আমার জন্য ব্যক্তিগত না হলেও একজন মুসলিম হিসেবে এটি অসম্মানজনক এবং একেবারেই গ্রহণযোগ্য নয়।”

তিনি আরও বলেন, “ধর্মকে উপহাসের হাতিয়ার হিসেবে ব্যবহার করা অজ্ঞতা এবং বর্ণবাদী আচরণ। ফুটবল আনন্দের জন্য, সমর্থনের জন্য- অন্যকে ছোট করার জন্য নয়।”