ত্রয়োদশ জাতীয় সংসদের বগুড়া-৬ আসনে উপ-নির্বাচন এবং শেরপুর-৩ আসনের সাধারণ নির্বাচন বৃহস্পতিবার (৯ এপ্রিল) অনুষ্ঠিত হবে। সকাল সাড়ে ৭টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ চলবে।
বুধবার (৮ এপ্রিল) নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, “ভোটগ্রহণকে কেন্দ্র করে সব ধরনের প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। এখন পর্যন্ত প্রাপ্ত তথ্য অনুযায়ী সবকিছু ঠিক আছে। জাতীয় নির্বাচনে যে মানদণ্ড আমরা অর্জন করেছি, আশা করি সেটির চেয়েও ভালো নির্বাচন উপহার দিতে পারব।”
বগুড়া-৬ আসনে তিন জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত মো. রেজাউল করিম বাদশা, বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত মো. আবিদুর রহমান এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির মো. আল-আমিন তালুকদার।
এ আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৫০ হাজার ৩০৯ জন। ভোটকেন্দ্র রয়েছে ১৫০টি এবং ভোটকক্ষ ৮৩৫টি। নিরাপত্তায় মোতায়েন থাকবে সেনাবাহিনীর ২৫০ সদস্য (স্ট্রাইকিং ফোর্স), বিজিবির ৮ প্লাটুন (১৮৯ জন), র্যাবের ১০টি টিম (৭০ জন), পুলিশের ১ হাজার ৩২৭ জন এবং আনসার ভিডিপির ১ হাজার ৯৯০ জন সদস্য।
শেরপুর-৩ আসনেও তিন জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন বিএনপির মো. মাহমুদুল হক রুবেল, জামায়াতে ইসলামীর মো. মাসুদুর রহমান মাসুদ এবং বাসদ (মার্কসবাদী) প্রার্থী মো. মিজানুর রহমান।
এ আসনে ভোটার সংখ্যা ৪ লাখ ৯ হাজার ৮০৬ জন। ভোটকেন্দ্র ১২৮টি এবং ভোটকক্ষ ৭৫১টি।
নিরাপত্তা ব্যবস্থায় থাকছে সেনাবাহিনীর ১৪০ সদস্য, বিজিবির ১৬ প্লাটুন (৩২৮ জন), র্যাবের ১৪টি টিম (১৩৫ জন), পুলিশের ১ হাজার ১৫৫ জন এবং আনসার ভিডিপির ১ হাজার ৭০৪ জন সদস্য।
ইসির নির্বাচন পরিচালনা শাখার উপ-সচিব মোহাম্মদ মনির হোসেন জানান, প্রতিটি কেন্দ্রে সাধারণ ও গুরুত্বপূর্ণ বিবেচনায় ১৮ থেকে ২০ জন করে নিরাপত্তা সদস্য মোতায়েন থাকবে। এছাড়া নির্বাহী ও বিচারিক হাকিম থাকছেন ৩৬ জন।
দুটি আসনে পোস্টাল ভোটের ব্যবস্থাও রাখা হয়েছে। ইসির নিজস্ব ১৮ জন করে পর্যবেক্ষক এবং স্থানীয় পর্যায়ে চার শতাধিক পর্যবেক্ষক দায়িত্ব পালন করবেন। রিটার্নিং ও সহকারী রিটার্নিং কর্মকর্তাসহ প্রায় ৫ হাজার ভোটগ্রহণ কর্মকর্তা দায়িত্বে থাকবেন।
গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৬ আসনটি শূন্য হওয়ায় এখানে উপ-নির্বাচন হচ্ছে। শেরপুর-৩ আসনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর মৃত্যুর কারণে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।