লেবাননে সংঘটিত অপরাধ এবং যুদ্ধবিরতির শর্ত লঙ্ঘনের জবাবে ইসরায়েলকে শাস্তি দেওয়ার কথা ভাবছে ইরান। ইরানের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বুধবার আল জাজিরাকে এ তথ্য জানিয়েছেন।
ওই কর্মকর্তা বলেন, “এই যুদ্ধবিরতি পুরো অঞ্চলকে অন্তর্ভুক্ত করে, এবং ইসরায়েল প্রতিশ্রুতি ভঙ্গের জন্য পরিচিত। কেবল গুলির মাধ্যমেই তাদের নিবৃত্ত করা যাবে।”
নাম প্রকাশে অনিচ্ছুক এক সামরিক সূত্রের বরাত দিয়ে ইরানের ফার্স নিউজ এজেন্সি জানিয়েছে, ইসরায়েলের যুদ্ধবিরতি লঙ্ঘনের জবাবে ইরান একটি পাল্টা ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি নিচ্ছে।
বুধবার ৪০ দিনের যুদ্ধ আপাতত বিরতি দিয়েছে যুক্তরাষ্ট্র ও ইরান। উভয় দেশ দুই সপ্তাহের যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। যুদ্ধবিরতির জন্য ইরান যে ১০ দফা শর্ত দিয়েছে তার মধ্যে লেবাননে ইসরায়েলি হামলা বন্ধের বিষয়টিও অন্তর্ভূক্ত রয়েছে। তবে বুধবার ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু জানিয়েছেন, তারা লেবাননে হামলা চালিয়ে যাবেন।
সর্বশেষ প্রাপ্ত তথ্য অনুযায়ী, সকাল থেকে লেবাননের ৬০টিরও বেশি স্থানে হামলা চালিয়েছে ইসরায়েল। এসম হামলায় অন্তত ৮৯ জন নিহত এবং সাত শতাধিক আহত হয়েছে।