চাঁদপুরে জ্বরের রোগীকে কুকুরের ভ্যাকসিন দেওয়ার অভিযোগ উঠেছে। বুধবার (৮ এপ্রিল) দুপুরে শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানায়, কচুয়া উপজেলার আশ্রাফপুর গ্রামের এমরান হোসেন তার পাঁচ বছরের সন্তান আলিফাকে জ্বরের রোগী হিসেবে জরুরি বিভাগে চিকিৎসাসেবা নিতে আসেন। একই সময়ে শাহরাস্তি উপজেলার আহম্মদ নগর গ্রামের রুবেল তার ১৪ বছরের সন্তান নাজমুলকে কুকুরের কামড়ের রোগী হিসেবে চিকিৎসা নিতে আসেন।
উভয় রোগীকে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক সাইফুল ইসলাম পৃথক চিকিৎসাপত্র দেন। জরুরি বিভাগে দায়িত্বরত উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার (সেকমো) আবু ইউসুফ চিকিৎসকের ব্যবস্থাপত্র না দেখেই জ্বরের রোগী আলিফাকে কুকুরের ভ্যাকসিন পুশ করেন। এ ঘটনা নিয়ে রোগীর অভিভাবকদের সঙ্গে বাকবিতণ্ডা শুরু হলে ঘটনাটি জানাজানি হয়।
এ বিষয়ে উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার আবু ইউসুফ বলেন, “একই সময়ে ওই দুই রোগী সেবা নিতে আসেন। ভুলবশত জ্বরে আক্রান্ত রোগীকে কুকুরের ভ্যাকসিন দেয়া হয়েছে। তবে এতে রোগীর কোনো সমস্যা নেই। আমি অনাকাঙ্ক্ষিত ভুলের জন্যে দুঃখ প্রকাশ করছি।”
শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আকলিমা জাহান বলেন, “বিষয়টি অবগত হয়েছি। ভ্যাকসিনটি ভুলক্রমে দেয়া হলেও রোগীর কোনো সমস্যা হওয়ার সম্ভাবনা নেই। তারপরও দায়িত্বরত উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসারকে বিধি মোতাবেক শোকজ করা হবে।”