কুষ্টিয়ায় এডুকেয়ার আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ নামে একটি শিক্ষা প্রতিষ্ঠানের আবাসিক ভবনে ৯ম শ্রেণির এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। স্কুল কর্তৃপক্ষ জানায়, ওই শিক্ষার্থীর আগে থেকে শ্বাস কষ্টের সমস্যা ছিল। পরিবারের ভাষ্য, , কীভাবে ঘটনাটি ঘটেছে তা তারা জানেন না।
বুধবার (৮ এপ্রিল) মধ্যরাত ৩টার দিকে অসুস্থ অবস্থায় কুষ্টিয়ার ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক শিক্ষার্থীকে মৃত ঘোষণা করেন।
মারা যাওয়া শিক্ষার্থীর নাম জুবায়ের আহম্মেদ (১৪)। তিনি দৌলতপুর সদর উপজেলার বাসিন্দা মহাসীন আলীর ছেলে।
এডুকেয়ার আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের চেয়ারম্যান রাসেল ইসলাম বলেন, “রাতে জুবায়ের অসুস্থ হয়ে পড়েন। দ্রুত ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আগে থেকেই তার শ্বাসকষ্টের সমস্যা ছিল বলে আমরা জানতে পেরেছি।”
মারা যাওয়া শিক্ষার্থী জুবায়েরের বাবা মহাসীন আলী জানান, কীভাবে ঘটনাটি ঘটেছে তা তারা নিশ্চিতভাবে জানেন না।
২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. হোসেন ইমাম জানান, রাত ৩টার দিকে শিক্ষার্থীকে জরুরি বিভাগে আনা হয়। পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করা হয়।
তিনি জানান, যেহেতু শিক্ষার্থী একটি প্রতিষ্ঠানের আবাসিক ভবনে মারা গেছেন এবং বিষয়টি সন্দেহজনক হতে পারে, এ কারণে হাসপাতাল কর্তৃপক্ষ নিয়ম অনুযায়ী পুলিশকে অবহিত করেছে। হাসপাতাল পুলিশ মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।”
কুষ্টিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) কবির হোসেন মাতুব্বর জানান, পরিবারের পক্ষ থেকে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ চাওয়া হচ্ছে, বিষয়টি তদন্তের জন্য একজন অফিসারসহ ফোর্স পাঠানো হয়েছে। তদন্ত চলছে।