নরসিংদীর রায়পুরায় আর্থিক লেনদেন নিয়ে কথা কাটাকাটির সময় তিন তরুণকে এসিড নিক্ষেপ করে দগ্ধ করার অভিযোগ উঠেছে স্বর্ণের দোকানের দুই কর্মচারীর বিরুদ্ধে। এ ঘটনায় একজনের চোখের কর্নিয়া ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা।
বুধবার (৮ এপ্রিল) বিকেলে পৌর শহরের হাসিমপুর বাজার এলাকায় ঘটনাটি ঘটে।
দগ্ধরা হলেন- দ্বীপ রায় (১৯), ওবায়দুল্লাহ (১৯) এবং আহমেদ সেজান (১৮)। তারা সবাই স্থানীয় বাসিন্দা।
স্থানীয় সূত্র জানায়, দ্বীপ রায়ের সঙ্গে একটি স্বর্ণের দোকানের কর্মচারীর পূর্বের আর্থিক লেনদেন নিয়ে বিরোধ ছিল। বুধবার বিকেলে বিষয়টি নিয়ে পুনরায় কথা বলতে গেলে দুই পক্ষের মধ্যে উত্তেজনা তৈরি হয়। একপর্যায়ে তা হাতাহাতিতে রূপ নেয়।
দ্বীপকে মারধরের খবর পেয়ে তার দুই বন্ধু ঘটনাস্থলে পৌঁছান। তারা ঘটনার কারণ জানতে চাইলে পরিস্থিতি আরো জটিল হয়ে ওঠে। এ সময় দোকানের ভেতর থাকা এসিড তিন বন্ধুর ওপর ছুড়ে মারেন দুই কর্মচারী। দগ্ধ হন তিনজনই।
স্থানীয়রা দ্রুত দগ্ধদের উদ্ধার করে রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাদের ঢাকায় স্থানান্তর করা হয়। বর্তমানে দুজন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন। দ্বীপ রায়ের চোখের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে বিশেষায়িত চক্ষু হাসপাতালে পাঠানো হয়েছে।
রায়পুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মুজিবুর রহমান বলেন, “ঘটনার পরপরই অভিযুক্তরা দোকান বন্ধ করে পালিয়ে যায়। পুলিশ একজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে। পুরো ঘটনার তদন্ত শুরু হয়েছে। সিসিটিভি ফুটেজ সংগ্রহেরও চেষ্টা চলছে।”