নাটোরের নলডাঙ্গায় খোদেজা বেগম (৫০) নামের এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে উপজেলার লক্ষিকোল টুলটুলি পাড়া গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
খোদেজা বেগম একই গ্রামের নুর আলমের স্ত্রী।
নিহতের স্বজনদের দাবি, খোদেজাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। তবে, অভিযোগ অস্বীকার করেছেন স্বামী নুর আলম ও তার পরিবারের সদস্যরা। তাদের দাবি, খোদেজা স্ট্রোক করে মারা গেছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, মরদেহে গলা, কোমর, হাত এবং কপালের পাশে আঘাতের চিহ্ন দেখা গেছে।
নলডাঙ্গা থানার ওসি নুরে আলম বলেন, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুরতহাল প্রতিবেদন তৈরি করে মরদেহ ময়নাতদন্তের জন্য নাটোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। এটি হত্যা নাকি স্বাভাবিক মৃত্যু প্রতিবেদন পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে।”