রাজনীতি

সাবেক ইসি মাহবুব তালুকদারের মেয়ের মনোনয়ন ফরম সংগ্রহ

বিএনপির সমর্থন প্রত্যাশা করে সংরক্ষিত নারী আসনে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন প্রয়াত নির্বাচন কমিশনার মাহবুব তালুকদারের মেয়ে আইরীন মাহবুব। তিনি নেত্রকোনা-৫ আসনের বিপরীতে সংরক্ষিত নারী আসনের জন্য মনোনয়ন নিয়েছেন।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে সংরক্ষিত নারী আসনের নির্বাচনের সহকারী রিটার্নিং কর্মকর্তা মনির হোসেনের কাছ থেকে তিনি মনোনয়ন ফরম সংগ্রহ করেন।

মনোনয়ন ফরম সংগ্রহ শেষে আইরীন মাহবুব বলেন, “সরাসরি রাজনীতিতে সক্রিয় না থাকলেও দীর্ঘদিন ধরে বিএনপির আইনজীবী হিসেবে বিভিন্ন মামলা পরিচালনা করছি।”

তিনি জানান, তার বাবা সব সময় তাকে উৎসাহ দিয়েছেন এবং তার অবদান সবার কাছে পরিচিত।

বিএনপি থেকে কোনো আনুষ্ঠানিক সাড়া পেয়েছেন কি না—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, “আমি বিএনপির বাইরের কেউ নই। দলের নীতি-নির্ধারকদের সঙ্গে যোগাযোগ করছি।”

মাহবুব তালুকদার ২০১৭ থেকে ২০২২ সালের মাঝামাঝি পর্যন্ত নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন। একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে তার বিভিন্ন সমালোচনামূলক বক্তব্যের কারণে তিনি আলোচনায় আসেন। ২০২২ সালের ২৪ আগস্ট তিনি মৃত্যুবরণ করেন।

এর আগে, ৮ এপ্রিল সংরক্ষিত নারী আসনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ২১ এপ্রিল। বাছাই অনুষ্ঠিত হবে ২২ ও ২৩ এপ্রিল। আপিল গ্রহণ করা হবে ২৬ এপ্রিল এবং নিষ্পত্তি হবে ২৭ ও ২৮ এপ্রিল। মনোনয়ন প্রত্যাহারের শেষ সময় ২৯ এপ্রিল এবং প্রতীক বরাদ্দ দেওয়া হবে ৩০ এপ্রিল। ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ১২ মে।

ত্রয়োদশ জাতীয় সংসদের সাধারণ আসনের ফলাফলের ভিত্তিতে সংরক্ষিত নারী আসনের বণ্টনে বিএনপি নেতৃত্বাধীন জোট পেয়েছে ৩৬টি আসন, জামায়াত নেতৃত্বাধীন জোট ১৩টি এবং স্বতন্ত্র প্রার্থীরা পেয়েছেন ১টি আসন।