গাইবান্ধার সাঘাটা উপজেলায় দুটি স্থান থেকে অবৈধভাবে মজুদ করা ১ হাজার ২৫০ লিটার জ্বালানি তেল পেট্রোল জব্দ করেছে উপজেলা প্রশাসন। এ সময় তেল মজুদের দায়ে দুই ব্যক্তিকে কারাদণ্ড দেওয়া হয়।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে জেলার সাঘাটা উপজেলার হাট ভরতখালী ও পদুমশহর এলাকায় এ অভিযান পরিচালনা করেন সাঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুল কবির।
অবৈধভাবে পেট্রোল মজুদ করে অতিরিক্ত দামে বিক্রি করা হচ্ছে— এমন গোপন সংবাদের ভিত্তিতে হাট ভরতখালী বাজারের মেসার্স আবুল কালাম আজাদ ট্রেডার্সে অভিযান চালিয়ে ৪০০ লিটার পেট্রোল জব্দ করা হয়। দোকানের মালিক আবুল কালাম আজাদকে আটক করা হয়।
এরপর পদুমশহর ইউনিয়নের স্কুলের বাজার এলাকার একটি গরুর খামার থেকে ৮৫০ লিটার পেট্রোল জব্দ করা হয়। খামারের মালিক সুজা মিয়াকে আটক করা হয়।
পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আবুল কালাম আজাদকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ১ হাজার টাকা জরিমানা করা হয়। সুজা মিয়াকে ৩ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
সাঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুল কবির জানান, অবৈধভাবে জ্বালানি তেল মজুদ ও বিক্রির দায়ে তাদের কারাদণ্ড ও জমিমানা করা হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।