আন্তর্জাতিক

ভারতের তিন রাজ্যে বিধানসভার ভোট আজ, গণনা ৪ মে

ভারতের আসাম, কেরালা এবং পুদুচেরিতে আজ বৃহস্পতিবার বিধানসভা নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। সকাল ৭টা থেকে শুরু হয়ে একটানা ভোটগ্রহণ চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত। আসামে ১২৬, কেরালায় ১৪০ এবং পুদুচেরিতে ৩০ আসনে ভোটগ্রহণ চলছে। তিন রাজ্য মিলিয়ে ভোটে ১ হাজার ৮৪৯ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ভোট গণনা হবে আগামী ৪ মে।  

এদিকে, নির্বাচন সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণ করতে নির্বাচন কমিশনের পক্ষ থেকে একাধিক ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানা গেছে। প্রতিটি কেন্দ্রে কেন্দ্রীয় বাহিনী মোতায়নের পাশাপাশি সিসিটিভিতে নজরদারি করা হচ্ছে। রয়েছে ড্রোনের মাধ্যমে নজরদারির ব্যবস্থা। উল্লেখ্য, গত মঙ্গলবার সন্ধ্যায়  রাজ্যগুলোতে নির্বাচনী প্রচারণা শেষ হয়। 

আসামে মোট ভোটারের সংখ্যা প্রায় ২ কোটি ৫০ লাখ। বিজেপি শাসিত রাজ্যটিতে টানা তৃতীয়বারের জন্য দলটি  ক্ষমতায় আসার ব্যাপারে প্রত্যাশী। ২০১৬ সালে প্রথমবার আসামে বিজেপি ক্ষমতায় আসে। সেবার মুখ্যমন্ত্রী হন সর্বানন্দ সোনোয়াল। এরপর গত ২০২১ সালের বিধানসভা নির্বাচনে দ্বিতীয়বারের জন্য ক্ষমতায় আসে বিজেপি সরকার, সেবার মুখ্যমন্ত্রী হন হিমন্ত বিশ্ব শর্মা। শর্মার হাত ধরে টানা তৃতীয়বারের জন্য আসামে সরকার গঠনের স্বপ্ন দেখছে বিজেপি। 

হিমন্ত বিশ্বা শর্মার নেতৃত্বে আসাম রাজ্য সরকার যেমন একাধিক উন্নয়নমুখী প্রকল্প চালু করেছে, অনুপ্রবেশ রোধে কঠোর পদক্ষেপ নিয়েছে, একইসঙ্গে মুসলিমবিরোধী মন্তব্যের জন্য তাকে বিতর্কে জড়াতে হয়েছে।  

কেরালায় ভোটারের সংখ্যা প্রায় ২ কোটি ৭১ লাখ। বর্তমানে রাজ্যটিতে ক্ষমতায় রয়েছে মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নের নেতৃত্বাধীন ‘লেফট ডেমোক্রেটিক ফ্রন্ট’ (এলডিএফ) জোট। এ নিয়ে টানা তৃতীয়বারের জন্য ক্ষমতায় লড়াইয়ে রয়েছে এই জোট। ভোটের লড়াইয়ে জোট এগিয়ে রয়েছে বলে ধারণা করা হচ্ছে। এবার তাদের প্রধান প্রতিপক্ষ কংগ্রেস নেতৃত্বাধীন ‘ইউনাইটেড ডেমোক্রেটিক ফ্রন্ট’ (ইউডিএফ) এবং বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট। 

অন্যদিকে কেন্দ্রীয় শাসিত অঞ্চল পুদুচেরিতে ক্ষমতায় রয়েছে জাতীয় গণতান্ত্রিক জোট (এনডিএ)। ২০২১ সাল থেকে এখানে মুখ্যমন্ত্রী রয়েছেন এডিএ জোটের শরিক ‘অল ইন্ডিয়া এন আর কংগ্রেস’। দলের প্রধান এন রঙ্গস্বামী। এআইএনআরসি দলের প্রার্থী এন রঙ্গস্বামী ছাড়াও হেভিওয়েট প্রার্থীদের মধ্যে অন্যতম বিজেপির এ. নমশিবায়ম, কংগ্রেসের ভেলু নারায়ণস্বামী। রাজ্যটিতে ভোটারের সংখ্যা প্রায় ৮ লাখ ৫০ হাজার।