সারা বাংলা

তেল নেয়াকে কেন্দ্র করে বাগবিতণ্ডা, আটক ২

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে একটি ফিলিং স্টেশনে জ্বালানি তেল নেয়াকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে বাগবিতণ্ডা ও চড়াও হওয়ার ঘটনা ঘটেছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় দুই মোটরসাইকেল চালককে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) বেলা ১১টার দিকে উপজেলার সাহা ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে। আটক ব্যক্তিরা হলেন—উপজেলার বাসিন্দা আলমগীর হোসেন ও ইজাজ তানভীর তুষার। ভূরুঙ্গামারী থানার ওসি আজিম উদ্দিন এসব তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ ও পাম্প সূত্র জানায়, সকাল থেকে প্রশাসনের তত্ত্বাবধানে প্রতি মোটরসাইকেলে ৩০০ টাকার করে তেল সরবরাহ করা হচ্ছিল। এ সময় দুই বাইকার ৫০০ টাকার তেল দেওয়ার দাবি জানিয়ে উত্তেজনা সৃষ্টি করেন। একপর্যায়ে তারা পুলিশের সঙ্গে বাগবিতণ্ডায় জড়িয়ে পড়েন এবং পুলিশের ওপর চড়াও হন বলে অভিযোগ। পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে ঘটনাস্থল থেকে ওই দুই বাইকারকে আটক করে পুলিশ। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে মুচলেকা দিলে তাদের ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহাদাৎ হোসেন বলেন, “ভবিষ্যতে এমন ঘটনা আর ঘটাবে না মর্মে মুচলেকা নিয়ে তাদের ছেড়ে দেওয়া হয়েছে।”