সারা বাংলা

রাজশাহীতে পেট্রোল পাম্পে ২ লাখ টাকা জরিমানা

রাজশাহীতে তেল বিক্রিতে অনিয়ম, মজুদের সঠিক হিসাব না থাকা এবং গ্রাহকদের রশিদ না দেওয়ার অভিযোগে একটি পেট্রোল পাম্পকে দুই লাখ জরিমানা করা হয়েছে। পবা উপজেলায় দারুশা কর্ণহারে অবস্থিত এই পাম্পের নাম মতিউর ফিলিং স্টেশন।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) বিকেলে এই পাম্পে অভিযান চালিয়েছেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সামিয়া রহমান। সেখানে মনিটরিং শুরু করার পর পাম্পটির কার্যক্রমে ব্যাপক বিশৃঙ্খলা ও বেশ কিছু গুরুতর অনিয়ম ধরা পড়ে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট সামিয়া রহমান বলেন, পাম্প কর্তৃপক্ষ কোনো প্রকার প্রত্যয়ন ছাড়াই তেল বিক্রি করছিল। তেল নেওয়ার পর ভোক্তাদের যে একটি স্লিপ বা রিসিট দেওয়ার কথা, সেটি তারা দিচ্ছিল না এবং এমন কোনো রিসিট তারা দেখাতেও পারেনি। এছাড়া তাদের কাছে প্রয়োজনীয় তথ্যের আপডেট নেই।

তিনি আরো বলেন, পাম্প কর্তৃপক্ষ যে পরিমাণ তেলের মজুত দেখাচ্ছে, বাস্তবে সেটি চেক বা যাচাই করার মতো ব্যবস্থা সেখানে নেই। সার্বিক দিক বিবেচনা করে এবং এ সব অপরাধ আমলে নিয়ে ওই পেট্রোল পাম্পটিকে দুই লাখ টাকা জরিমানা করা হয়।

এ সময় প্রশাসনের মিনিটরিং অফিসার, র‌্যাব-৫ ও সংশ্লিষ্ট ট্যাগ অফিসার উপস্থিত ছিলেন।