২৬ হাজার টন অকটেন ও ২৫ হাজার টন ফার্নেস অয়েল নিয়ে দুটি জাহাজ চট্টগ্রাম সমুদ্র বন্দরে নোঙর করেছে। আজ বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে জাহাজ দুটি বন্দরের জেটিতে নোঙর করে।
বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) সহকারী ব্যবস্থাপক ফারজিন হাসান মৌমিতা এ তথ্য জানান।
বিপিসি সূত্রে জানা যায়, বুধবার (৮ এপ্রিল) রাতে মালয়েশিয়া থেকে যাত্রা করা এমটি ইস্টার্ন কুইন্স নামের জাহাজটি ২৫ হাজার টন ফার্নেস অয়েল নিয়ে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে অবস্থান নেয়। পরে প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষে জেটিতে নোঙর করে জ্বালানি তেল খালাসের কার্যক্রম শুরু করে।
মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন বহন করে ‘এমটি সেন্ট্রাল স্টার’ নামে আরো একটি জাহাজ ডলফিন জেটিতে নোঙর করেছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, জাহাজ দুটি থেকে জ্বালানি তেল খালাসের মাধ্যমে দেশের বিদ্যমান মজুত শক্তিশালী হবে এবং সরবরাহ ব্যবস্থায় স্থিতিশীলতা বজায় থাকবে।