শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনের স্থগিত হওয়া নির্বাচনে জয় পেয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী মাহমুদুল হক রুবেল।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাতে জেলা রিটার্নিং অফিসার ও জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন বেসরকারিভাবে এ ফলাফল ঘোষণা করেন।
পোস্টাল ব্যালটসহ ১২৯টি কেন্দ্রের ফলাফল অনুযায়ী, ধানের শীষ প্রতীকে মাহমুদুল হক রুবেল পেয়েছেন ১ লাখ ৬৬ হাজার ১১৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী মাসুদুর রহমান মাসুদ পেয়েছেন ৪৭ হাজার ৫১ ভোট। এছাড়া বাসদ মনোনীত প্রার্থী মিজানুর রহমান কাঁচি প্রতীকে পেয়েছেন ৪৮০ ভোট।
ভোটগ্রহণ চলাকালে বেলা সাড়ে ৩টায় কারচুপি, অনিয়ম, প্রভাব বিস্তার, এজেন্ট বের করে দেওয়াসহ নানা অভিযোগ তুলে নির্বাচন বর্জনের ঘোষণা দেন জামায়াতের প্রার্থী মাওলানা মাসুদুর রহমান। তবে, ভোট বর্জনকে বিএনপি প্রার্থী মাহমুদুল হক রুবেল পূর্ব পরিকল্পিত বলে দাবি করেছিলেন।
নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, শ্রীবরদী ও ঝিনাইগাতী উপজেলার ১৭টি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে গঠিত এ আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ১৩ হাজার ৩৭৭ জন। এর মধ্যে, পুরুষ ভোটার ২ লাখ ৫ হাজার ৬৬ জন, নারী ভোটার ২ লাখ ৮ হাজার ৩০৪ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ৭ জন। ভোট দিয়েছেন ২ লাখ ১৩ হাজার ৬৪৮ জন। বাতিল হয়েছে ২ হাজার ৮৬ জনের ভোট।
গত ১২ ফেব্রুয়ারি সারা দেশের সঙ্গে এ আসনেও নির্বাচন হওয়ার কথা থাকলেও এক প্রার্থীর মৃত্যুর কারণে ভোট স্থগিত করা হয়।