চাপ, উত্তেজনা আর শেষ মুহূর্তের নাটক- সব মিলিয়ে এক রুদ্ধশ্বাস ম্যাচ জিতে এশিয়ান গেমসে খেলার যোগ্যতা অর্জন করেছে বাংলাদেশ হকি দল। ব্যাংককের রয়েল থাই এয়ারফোর্স মাঠে হংকংকে টাইব্রেকারে ৩-২ ব্যবধানে হারিয়ে সেরা ৬-এ জায়গা নিশ্চিত করেছে লাল-সবুজের প্রতিনিধিরা।
নির্ধারিত সময়ের খেলায় গোলবন্যা হলেও কোনো দলই এগিয়ে থাকতে পারেনি। শুরু থেকে আক্রমণাত্মক খেলায় দুই দলই একের পর এক গোল করে ম্যাচকে জমিয়ে তোলে। শেষ পর্যন্ত ৪-৪ সমতায় শেষ হয় নির্ধারিত সময়। ম্যাচের এক পর্যায়ে জয় প্রায় নিশ্চিত করেও শেষ দিকে গোল হজম করায় টাইব্রেকারে যেতে বাধ্য হয় বাংলাদেশ।
টাইব্রেকারে অবশ্য স্নায়ু নিয়ন্ত্রণে রেখে দারুণ পারফরম্যান্স দেখায় বাংলাদেশ। গোলরক্ষকের দৃঢ়তা ও শুটারদের নিখুঁত শটে শেষ পর্যন্ত জয় নিশ্চিত হয়।
এই জয়ের ফলে এশিয়ান গেমসে অংশগ্রহণের পথ খুলে গেল বাংলাদেশের জন্য। বাছাইপর্বে মোট ৯টি দল অংশ নেয়, যেখানে দুই পুল মিলিয়ে শীর্ষ ৬ দল সুযোগ পায় মূল আসরে খেলার। গ্রুপ পর্বে বাংলাদেশ শুরুটা করেছিল চাইনিজ তাইপেকে ৪-৩ ব্যবধানে হারিয়ে। তবে দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কার কাছে ৩-২ গোলে হেরে চাপে পড়ে দলটি। এরপর উজবেকিস্তানের সঙ্গে ১-১ ড্র করায় সরাসরি সেমিফাইনালের সুযোগ হাতছাড়া হয়।
গ্রুপে তৃতীয় হওয়ায় স্থান নির্ধারণী পর্বে খেলতে হয় বাংলাদেশকে। সেখানেই গুরুত্বপূর্ণ জয় এনে দেয় এশিয়ান গেমসের টিকিট।
এখন লক্ষ্য আরও উন্নত অবস্থান নিশ্চিত করা। পঞ্চম স্থান নির্ধারণের ম্যাচে আগামী শুক্রবার আবারও চাইনিজ তাইপের মুখোমুখি হবে বাংলাদেশ। এই ম্যাচে জয় পেলে বাছাইপর্ব শেষ হবে আরও ইতিবাচক অবস্থানে।