আন্তর্জাতিক

লেবাননের সঙ্গে সরাসরি আলোচনা করবে ইসরায়েল

ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু তার মন্ত্রিসভাকে লেবাননের সঙ্গে ‘যত দ্রুত সম্ভব সরাসরি আলোচনা’ শুরু করার নির্দেশ দিয়েছেন। তিনি বলেন, এই আলোচনার মূল লক্ষ্য হবে হিজবুল্লাহকে নিরস্ত্র করা এবং দুই দেশের মধ্যে শান্তিপূর্ণ সম্পর্ক স্থাপন করা।

নেতানিয়াহু এক বিবৃতিতে বলেন, “ইসরায়েলের সঙ্গে সরাসরি আলোচনা শুরু করার জন্য লেবাননের বারবার অনুরোধের পরিপ্রেক্ষিতে, গতকাল আমি মন্ত্রিসভাকে যত দ্রুত সম্ভব লেবাননের সঙ্গে সরাসরি আলোচনা শুরু করার নির্দেশ দিয়েছি।”

নেতানিয়াহু বলেন, এই আলোচনার কেন্দ্রবিন্দু হবে ‘হিজবুল্লাহকে নিরস্ত্র করা এবং ইসরায়েল ও লেবাননের মধ্যে শান্তিপূর্ণ সম্পর্ক স্থাপন।’

তিনি আরো বলেন, “বৈরুতকে নিরস্ত্র করার জন্য লেবাননের প্রধানমন্ত্রীর আজকের আহ্বানকে ইসরায়েল স্বাগত জানায়।”

নেতানিয়াহুর এই বিবৃতির বিষয়ে লেবানন তাৎক্ষণিকভাবে প্রকাশ্যে কোনো প্রতিক্রিয়া জানায়নি।

যুক্তরাষ্ট্র ও ইরান দুই সপ্তাহের যুদ্ধবিরতিতে তেহরান ইরান যে ১০ দফা শর্ত দিয়েছে তার মধ্যে লেবাননে ইসরায়েলি হামলা বন্ধের বিষয়টিও অন্তর্ভূক্ত রয়েছে। তবে বুধবার ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু জানিয়েছেন, তারা লেবাননে হামলা চালিয়ে যাবেন। ইসরায়েলি হামলায় ইতিমধ্যে লেবাননে শতাধিক মানুষের মৃত্যু হয়েছে। এছাড়া আহত হয়েছে আরো কয়েক শতাধিক।