খুলনার কয়রা উপজেলার আড়পাঙ্গাসিয়া নদীতে ঝড়ে নৌকাডুবির ঘটনায় নিখোঁজ দুই জেলের মরদেহ উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) পৃথক সময়ে তাদের মরদেহ উদ্ধার করা হয়। এর আগে, গত মঙ্গলবার নৌকাডুবির ঘটনায় নিখোঁজ হন তারা।
নিহতরা হলেন- উপেন মৃধা (৫০) ও মুকেন্দ মন্ডল (৪২)। পেশায় তারা জেলে।
আংটিহারা নৌ পুলিশের (ওসি) মো. ফারুক হোসেন বলেন, “গত মঙ্গলবার বিকেলে আড়পাঙ্গাসিয়া নদীতে মাছ ধরার সময় হঠাৎ ঝড়ের কবলে পড়ে একটি মাছ ধরার নৌকা ডুবে যায়। এ সময় নৌকায় থাকা তিনি জেলের মধ্যে একজন সাঁতরে তীরে উঠলেও উপেন মৃধা ও মুকেন্দ মন্ডল নিখোঁজ হন। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও নৌবাহিনীর ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। নিখোঁজের দুই দিন পর উপেন মৃধা ও মুকেন্দ মন্ডলের মরদেহ নদীতে ভাসমান অবস্থায় উদ্ধার করা হয়েছে।”