জাতীয়

হজ ব্যবস্থাপনায় সরকারের ভাবমূর্তি জড়িত, গাফলতিতে ছাড় নয়: ধর্মমন্ত্রী

হজ ব্যবস্থাপনার সঙ্গে সরকারের ভাবমূর্তির প্রশ্ন জড়িত, এ বিষয়ে কোনো ধরনের গাফলতি সহজভাবে নেওয়া হবে না বলে জানিয়েছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ)। 

বৃহস্প‌তিবার (৯ এপ্রিল) রাজধানীর আশকোনায় হজক্যাম্পে হজের সার্বিক প্রস্তুতি বিষয়ে আন্তঃমন্ত্রণালয় সভায় এ কথা জানিয়েছেন তিনি।

শাহ মোফাজ্জাল হোসাইন বলেন, “এ বছরের হজ বর্তমান দায়িত্বশীল সরকারের প্রথম হজ। অতীতের যেকোনো সময়ের চেয়ে এবারের হজ ব্যবস্থাপনাকে আরো সুষ্ঠু ও সুন্দর করতে হবে। হজযাত্রীরা আল্লাহর মেহমান। তাদের নিজের পরিবারের সদস্যের মতো সেবা দিতে হবে। এ বছরের হজ ব্যবস্থাপনায় যেসব দপ্তর ও সংস্থা ভালো সেবা দেবে তাদেরকে পুরস্কৃত করা হবে।” 

সভায় হজ ব্যবস্থাপনার সঙ্গে সংশ্লিষ্ট দপ্তরসমূহ তাদের প্রস্তুতি সম্পর্কে অবহিত করেন এবং সুষ্ঠু ও সাবলীল হজ ব্যবস্থাপনায় সর্বোচ্চ সেবার প্রতিশ্রুতি দেন। 

এসময় ধর্মসচিব মুন্সী আলাউদ্দিন আল আজাদ, হজ অনুবিভাগের অতিরিক্ত সচিব মো. আয়াতুল ইসলাম, ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক আ. ছালাম খান উপস্থিত ছিলেন। অন্যান্যের মধ্যে হাবের সভাপতি সৈয়দ গোলাম সরওয়ার ও মহাসচিব ফরিদ আহমদ মজুমদার উপস্থিত ছিলেন। 

সভায় মন্ত্রিপরিষদ বিভাগ, প্রধানমন্ত্রীর কার্যালয়, বাংলাদেশ বিমান, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ, বাংলাদেশ পুলিশ, গণপূর্ত বিভাগ, বাংলাদেশ স্কাউটস, ঢাকা ওয়াসা, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, সাউদিয়া, ফ্লাইনাসসহ বিভিন্ন সরকারি বেসরকারি সংস্থার প্রতিনিধি অংশ নেন।