সাতক্ষীরার সুন্দরবনে মধু আহরণ করতে গিয়ে ঝড়ের কবলে পড়ে নৌকাডুবির ঘটনায় চারজন মৌয়াল নিখোঁজ রয়েছেন। এ ঘটনায় উদ্ধার করা হয়েছে চারজনকে।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) সন্ধ্যায় বনবিভাগের বুড়িগোয়ালিনী ফরেস্ট স্টেশনের স্টেশন কর্মকর্তা ফজলুল হক এ তথ্য জানিয়েছেন।
নিখোঁজ মৌয়ালরা হলেন, শ্যামনগর উপজেলার গোদাড়া এলাকার আমির মোল্লার ছেলে আকবর, ওহিদ মোল্লার ছেলে ওলিউর রহমান, আ. রহমান গাজীর ছেলে মিকাইল হোসেন এবং আউব আলীর ছেলে ইকরামুল কবির।
উদ্ধার হওয়া ব্যক্তিরা হলেন- সবুর খান, মনিরুল ইসলাম, আল-মাহমুদ শেখ ও ইউনুচ আলী। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
বনবিভাগ জানায়, সোমবার (৬ এপ্রিল) রাতে সুন্দরবনের কাচিকাটা এলাকায় ঝড়ের কবলে পড়ে মৌয়ালদের একটি নৌকা ডুবে যায়। ভাসতে ভাসতে মঙ্গলবার সন্ধ্যার দিকে সুন্দরবনের হলদিবুনিয়া ফরেস্ট টহলফাঁড়ি এলাকায় পৌঁছালে বন বিভাগের সদস্যরা চারজনকে উদ্ধার করে স্টেশনে নিয়ে যান।
বনবিভাগের বুড়িগোয়ালিনী ফরেস্ট স্টেশনের স্টেশন কর্মকর্তা ফজলুল হক জানান, নিখোঁজদের উদ্ধারে বন বিভাগের পাশাপাশি শ্যামনগর থানা, কোস্ট গার্ড ও বিজিবিকে জানানো হয়েছে। যৌথভাবে অনুসন্ধান কার্যক্রম চালানো হচ্ছে।
তিনি জানান, ঝড়ের কবলে পড়ে তাদের নৌকাটি ডুবে যায়। দুর্ঘটনার খবর পেয়ে বন বিভাগের টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। এখনো নিখোঁজদের সন্ধানে তল্লাশি অব্যাহত রয়েছে।