সারা বাংলা

রাজশাহীতে ইট মেরে ভ্যালচালককে হত্যা, অভিযুক্ত আটক

রাজশাহীর মোহনপুরে দূরে থামানো ক্ষিপ্ত হয়ে মাথায় ইট মেরে এক ভ্যালচালককে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্থানীয়রা অভিযুক্তকে আটক করে পুলিশে সোপর্দ করেছে।  

শুক্রবার (১০ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিতে উপজেলার বেলগাছি পূর্বপাড়া গ্রামের পাঠক ক্লাবের সামনে হত্যাকাণ্ডটি ঘটে। 

নিহত ভ্যানচালকের নাম আলম (৪৪)। তিনি বেলগাছি গ্রামের আশরাফ উদ্দিনের ছেলে। অভিযুক্ত মজিবর রহমান (৫৫) একই গ্রামের বাসিন্দা।   

মোহনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান জানান, মজিবর রহমান চলন্ত ভ্যান থামানোর জন্য সংকেত দেন। চালক আলম কিছুটা দূরে গিয়ে ভ্যান থামালে ক্ষিপ্ত হয়ে ওঠেন মজিবর। এ সময় তিনি ইট দিয়ে আলমের মাথার পেছনে কয়েকটি আঘাত করেন। এতে মাটিতে লুটিয়ে পড়েন আলম। পরে স্থানীয়রা আহতকে  মোহনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানকার চিকিৎসক ভ্যানচালককে তাকে মৃত ঘোষণা করেন। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য রামেক হাসপাতালে পাঠানো হয়েছে।  

তিনি জানান, ঘটনার পর স্থানীয়রা অভিযুক্ত মজিবর রহমানকে পাঠক ক্লাবে আটকে রাখেন। পরে পুলিশ গিয়ে তাকে হেফাজতে নেয়। বর্তমানে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। এখনো পরিবারের পক্ষ থেকে মামলা হয়নি। মামলা হলে অভিযুক্তকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হবে।