সারা বাংলা

খুলনায় ছেলের লাঠির আঘাতে মায়ের মৃত্যু

খুলনায় ছেলের লাঠির আঘাতে মায়ের মৃত্যু হয়েছে।

শুক্রবার (১০ এপ্রিল) সকাল সাড়ে ৮টার দিকে রূপসা উপজেলার খান মোহাম্মাদপুর গ্রামে এ ঘটনা ঘটে। 

এ দিকে ঘটনার পরপরই ঘাতক ছেলেকে আটক করতে গেলে  স্থানীয়দের বাধার সম্মুখীন হয় পুলিশ। বিক্ষুব্ধ জনতা ছেলেকে ছাড়িয়ে নিতে পুলিশের ওপর হামলা চালায়। পরে জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত হন।

নিহত নারী হলেন, খান মোহাম্মাদপুরের বাসিন্দা হামিদুল ইসলামের স্ত্রী মিম্মি বেগম। ছেলের নাম নাদিম ইসলাম।

রূপসা উপজেলার আইচগাতি ক্যাম্পের ইনচার্জ মো. উজ্বল হোসেন জানান, পারিবারিক বিষয়কে কেন্দ্র করে নাদিম সকাল ৮টার দিকে মিম্মি বেগমের ওপর চড়াও হয়। পাশে থাকা গাছের একটি ডাল দিয়ে মায়ের মাথায় আঘাত করলে সে মারা যায়। 

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ছেলেকে আটক করে। কিন্তু স্থানীয়রা পুলিশকে বাধা দেয় এবং পুলিশের ওপর অতর্কিত হামলা চালায়। আত্মরক্ষার জন্য পুলিশ পাশের একটি বাড়িতে অবস্থান নেয়। পরবর্তীতে খুলনা জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে আসেন। 

এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান মো. উজ্জ্বল হোসেন।