সারা বাংলা

এক মায়ের হৃদয়বিদারক জবানবন্দি

নড়াইলে তিন মাসের মেয়েকে গলায় গামছা পেঁচিয়ে শ্বাসরোধে হত্যার দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন তার মা আরিফা খাতুন (২১)।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাতে নড়াইল সদর আমলি আদালতের বিচারক মারুফ হাসান জবানবন্দি লিপিবদ্ধ শেষে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

আরিফা খাতুনের জবানবন্দির বরাত দিয়ে পুলিশ জানায়, নিহতের নাম সাদিয়া নূর তাবাসসুম। জন্মের পর থেকে শিশুটি অনেক কান্নাকাটি করত। তাকে সামলানোর জন্য মা আরিফা বাদে কেউ ছিল না। শিশুটিকে সামলাতে গিয়ে আরিফা অসুস্থ হয়ে পড়েছিলেন। সেই যন্ত্রণা থেকেই তিনি মেয়েকে গলায় গামছা পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করেন।

নিহত সাদিয়া নূর তাবাসসুম উপজেলার মাইজপাড়া ইউনিয়নের আড়ংগাছা গ্রামের কুয়েত প্রবাসী চাঁন মানিক মোল্লার মেয়ে।

নড়াইল সদর থানার ওসি মো. ওলি মিয়া বলেন, “বৃহস্পতিবার সকালে সদর উপজেলার শাহাবাদ ইউনিয়নের আলোকদিয়া গ্রামে সাদিয়া নামের এক শিশুকে তার মা হত্যা করেছে—এমন খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পরে মরদেহ উদ্ধার এবং জিজ্ঞাসাবাদের জন্য তার মা আরিফা খাতুনকে আটক করে থানায় নিয়ে আসা হয়। রাতে তিনি আদালতে মেয়েকে হত্যার দায় স্বীকার করে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।”