যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান ভঙ্গুর যুদ্ধবিরতির চতুর্থ দিনে, উত্তেজনা নিরসনে উচ্চপর্যায়ের আলোচনায় অংশ নিতে ইরানের সংসদীয় স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ-এর নেতৃত্বে একটি প্রতিনিধিদল শনিবার (১১ এপ্রিল) পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে পৌঁছেছে। খবর সিয়াসাত ডেইলির।
ইরানি বার্তা সংস্থা তাসনিম নিউজের তথ্য অনুযায়ী, গালিবাফের নেতৃত্বে এই দলে রয়েছেন পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি, কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আবদোল নাসের হেমমাতি, সুপ্রিম ন্যাশনাল ডিফেন্স কাউন্সিলের সচিব আলি আকবর আহমাদিয়ান, উপ-পররাষ্ট্রমন্ত্রী কজেম ঘারিভাবাদি, পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই প্রমুখ।
৭১ সদস্যের এই প্রতিনিধি দলে প্রধান আলোচক ছাড়াও কারিগরি বিশেষজ্ঞ, উপদেষ্টা দল, সংবাদমাধ্যম কর্মী ও নিরাপত্তা কর্মীরা রয়েছেন।
স্পিকার গালিবাফ আলোচনার ব্যাপারে একটি সতর্কবার্তা দিয়েছেন। তিনি বলেন, প্রতিনিধি দল ‘আশা নিয়ে এলেও আমেরিকান সমকক্ষদের বিশ্বাস করে না’। তিনি আরও যোগ করেন যে, যুক্তরাষ্ট্র যদি সদিচ্ছা দেখায় তাহলে ইরান চুক্তিতে সম্মত হতে প্রস্তুত, তবে অতীতে যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতি ভঙ্গের তিক্ত অভিজ্ঞতা তাদের সন্দিহান করে তুলেছে।
এদিকে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এবং বিশেষ দূত জ্যারেড কুশনারসহ ঊর্ধ্বতন মার্কিন কর্মকর্তারা এই আলোচনায় যোগ দিতে ইসলামাবাদের পথে রয়েছেন।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জেডি ভ্যান্সকে ‘শুভকামনা’ জানিয়েছেন। তবে এই আলোচনা দীর্ঘস্থায়ী কোনো কূটনৈতিক প্রক্রিয়ার অংশ হবে কি না, তা নিয়ে তিনি এখনো নিশ্চিত নন।
ট্রাম্প বলেছেন, “আমরা দেখব পরিস্থিতি কোন দিকে যায়। আন্তর্জাতিক নৌ-চলাচলের পথে কোনো হুমকি যুক্তরাষ্ট্র সহ্য করবে না।”