ইরানের সঙ্গে চলমান সংঘাতের অবসান ঘটিয়ে একটি চূড়ান্ত চুক্তিতে পৌছাঁতে নিজের প্রশাসনের সবচেয়ে প্রভাবশালী ব্যক্তিত্ব ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সকে পাকিস্তানে পাঠাচ্ছেন ট্রাম্প।
শনিবার (১১ এপ্রিল) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছেন আল-জাজিরার ওয়াশিংন ডিসি সংবাদদাতা জন হেনড্রেন।
প্রতিবেদনে বলা হয়, জেডি ভ্যান্সের এই সফরে তার সঙ্গে থাকছেন ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার এবং বিশেষ দূত স্টিভ উইটকফ। তবে ভ্যান্সকে এই আলোচনার নেতৃত্বে রাখার মাধ্যমে ট্রাম্প একটি শক্তিশালী বার্তা দিতে চেয়েছেন যে, তার প্রশাসন এই চুক্তিটি দ্রুত সম্পন্ন করতে কতটা মরিয়া।
যুক্তরাষ্ট্রে এই যুদ্ধ চরম অজনপ্রিয় হয়ে উঠেছে। পরিসংখ্যানে দেখা গেছে, এক-তৃতীয়াংশেরও কম আমেরিকান নাগরিক এই যুদ্ধকে সমর্থন করছেন। ট্রাম্প এই জনরোষ এড়াতে দ্রুত যুদ্ধের অবসান চান।
এ কারণে চুক্তিটি সম্পন্ন করার জন্য ভ্যান্সকে পাকিস্তানে পাঠাচ্ছেন ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্টের লক্ষ্য ও মূল শর্তগুলো হলো- ইরানের সঙ্গে দ্রুত একটি চুক্তি করা, হরমুজ প্রণালি খোলা রাখা এবং ইরানকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ চালিয়ে যাওয়া থেকে বিরত রাখা।
কিন্তু মূলত ট্রাম্প যা করতে চান তা হলো এই যুদ্ধের অবসান ঘটিয়ে এক ধরনের বিজয় দাবি করা এবং তা করতে হলে তাকে ইরানের অবরুদ্ধ করে রাখা হরমুজ প্রণালি খুলে দিয়ে তা খোলা রাখতে হবে।