সারা বাংলা

চট্টগ্রামে পাওনাদারের কিল-ঘুষিতে ব্যবসায়ীর মৃত্যু

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার মইজ্জ্যারটেক এলাকায় পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে দিদারুল আলম (৫০) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে মইজ্জ্যারটেক চত্বরে এ ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযুক্ত তৈয়বকে ঘটনাস্থল থেকে আটক করেছে পুলিশ। কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহিনুর আলম এর সত্যতা নিশ্চিত করেছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, মইজ্জ্যারটেক এলাকার আল আকসা হোটেলের সামনে দিদারুল আলমের সঙ্গে তৈয়বের টাকা লেনদেন নিয়ে কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে উত্তেজনা বৃদ্ধি পেলে দুজনের মধ্যে সংঘর্ষ হয় এবং দিদারুল আলম গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত দিদারুল আলম পটিয়া উপজেলার কোলাগাঁও ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের মোহাম্মদ নগর এলাকার বাসিন্দা এবং পেশায় ব্যবসায়ী ছিলেন।

নিহতের পরিবারের অভিযোগ, ঘটনাটি পরিকল্পিতভাবে ঘটানো হয়েছে এবং পূর্ব থেকে বিরোধ ছিল। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।

কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং অভিযুক্তকে আটক করে থানায় নেওয়া হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।