সারা বাংলা

‘পরিকল্পিত উন্নয়ন না হলে বসবাসের অযোগ্য হতে পারে সিলেট শহর’

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, সিলেট সিটিকে প্রাণবন্ত শহর হিসেবে গড়ে তুলতে হলে পরিকল্পিত অবকাঠামো উন্নয়ন এবং আয়–সৃষ্টির সুযোগ নিশ্চিত করতে হবে।

তিনি সতর্ক করে বলেন, জলাবদ্ধতা ও অপরিকল্পিত নগরায়নের সমস্যা সমাধান না করা হলে আগামী এক দশকের মধ্যে শহরের অনেক নিচু এলাকা বসবাসের অনুপযোগী হয়ে পড়তে পারে।

শনিবার (১১ এপ্রিল) সিলেট সিটি কর্পোরেশনের উন্নয়ন কার্যক্রম নিয়ে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। সভায় উপস্থিত ছিলেন সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরীসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

মন্ত্রী বলেন, একটি শহরকে প্রাণবন্ত করতে হলে অন্তত দুটি শর্ত পূরণ জরুরি। এক উন্নত অবকাঠামো, দুই অর্থনৈতিক কার্যক্রমের বিস্তার। প্রায় ১০ লাখ মানুষের এই শহরে পরিকল্পিত উন্নয়ন সম্ভব হলেও অপরিকল্পিত বসতি বাড়তে থাকলে কোনো পরিকল্পনাই কার্যকর হবে না।