খেলাধুলা

ইনজুরিতে ছিটকে গেলেন পারভেজ ইমন, ধাক্কা খেল লাহোর

চলমান পাকিস্তান সুপার লিগের ১১তম আসরে বড় ধাক্কা খেল লাহোর কালান্দার্স। ইনজুরির কারণে পুরো টুর্নামেন্ট থেকেই ছিটকে গেছেন দলের তরুণ বাংলাদেশি ব্যাটার পারভেজ হোসেন ইমন।

ফ্র্যাঞ্চাইজিটির দেওয়া আনুষ্ঠানিক বিবৃতিতে জানানো হয়েছে, এপ্রিল ৩ তারিখে মুলতান সুলতানসের বিপক্ষে লাহোর পর্বের ম্যাচে সংঘর্ষের সময় কাঁধে চোট পান ইমন। সতীর্থ আসিফ আফ্রিদির সঙ্গে সেই সংঘর্ষই শেষ পর্যন্ত তার টুর্নামেন্ট শেষ করে দিয়েছে।

আজকের ম্যাচ শুরু হওয়ার পরই নিজ দেশে ফেরার কথা রয়েছে এই উইকেটরক্ষক-ব্যাটারের।

চলতি আসরে ইমন খেলেছেন ৩টি ম্যাচ, যেখানে তার ব্যাটিং ছিল নজরকাড়া। ১৬১.৩৬ স্ট্রাইক রেটে করেছেন ৭১ রান। বিশেষ করে ১৯ বলে ৪৫ রানের ঝড়ো ইনিংসটি ছিল দর্শকদের জন্য দারুণ উপভোগ্য। যেখানে ছিল ২টি চার ও ৫টি ছক্কা।

মাত্র ২৩ বছর বয়সী এই ব্যাটার ইতোমধ্যেই আন্তর্জাতিক অঙ্গনে নিজের পরিচয় তুলে ধরেছেন। বাংলাদেশের হয়ে ৩০টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচে করেছেন ৬০৭ রান, যার মধ্যে রয়েছে ৩টি অর্ধশতক ও ১টি শতক।

অন্যদিকে দলগত অবস্থানও খুব স্বস্তিদায়ক নয় লাহোরের জন্য। এখন পর্যন্ত ৪ ম্যাচে ২ জয় ও ২ হার নিয়ে পয়েন্ট তালিকার ৬ নম্বরে অবস্থান করছে তারা। নেট রান রেট দাঁড়িয়েছে -০.০৫১।

তবে সামনে সুযোগ আছে ঘুরে দাঁড়ানোর। পরের ম্যাচে জয় পেলে তারা উঠে যেতে পারে ৪ নম্বরে, যেখানে বর্তমানে অবস্থান করছে করাচি কিংস। যাদের চেয়ে লাহোরের নেট রান রেট ভালো।