খেলাধুলা

নাহিদ-শরীফুলের তোপে ভেঙে পড়ল লাহোর, মোস্তাফিজদের দিন ম্লান

পাকিস্তান সুপার লিগে একতরফা ম্যাচে লাহোর কালান্দার্সকে উড়িয়ে দিয়েছে পেশোয়ার জালমি। বল হাতে নাহিদ রানা ও শরীফুল ইসলামের দাপটে মাত্র ৯৭ রানে গুটিয়ে যায় লাহোর। ২০ ওভারে ১৬৭ রান তোলা পেশোয়ার শেষ পর্যন্ত বড় ব্যবধানে জয় নিশ্চিত করে।

ম্যাচে বাংলাদেশের তিন পেসারই ছিলেন আলোচনায়। তবে পারফরম্যান্সে এগিয়ে ছিলেন নাহিদ ও শরীফুল। নাহিদ ৩ ওভারে ১৫ রান দিয়ে ২ উইকেট নেন। আর শরীফুল তুলে নেন গুরুত্বপূর্ণ ১ উইকেট। অন্যদিকে লাহোরের হয়ে মোস্তাফিজুর রহমান ৪ ওভারে ৩০ রান দিয়ে ২টি উইকেট নেন।

লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই চাপে পড়ে লাহোর। শরীফুল নিজের প্রথম ওভারেই মোহাম্মদ নাইমকে ফিরিয়ে দেন। এরপর কিছুটা প্রতিরোধ গড়ে উঠলেও তা বেশিক্ষণ টেকেনি। ৫.৩ ওভারে ৪৩/১ থাকা দলটি দ্রুত ভেঙে পড়ে। মাত্র ৩২ রান যোগ করতে গিয়ে হারায় ৮ উইকেট। যা ম্যাচের মোড় পুরোপুরি ঘুরিয়ে দেয়।

নাহিদ রানা তার গতির ঝড়ে ব্যাটারদের চাপে রাখেন। আব্দুল্লাহ শফিক ও উসামা মিরকে ফিরিয়ে দিয়ে ইনিংসের মেরুদণ্ড ভেঙে দেন তিনি। পাশাপাশি সুফিয়ান মুকিম ও মিচেল ব্রেসওয়েল ৩টি করে উইকেট নিয়ে লাহোরের ধসকে ত্বরান্বিত করেন।

এর আগে ব্যাট হাতে পেশোয়ারের ইনিংস গড়ে দেন কুশল মেন্ডিস। ৪৮ বলে ৭৪ রানের ইনিংসে তিনি ছিলেন সবচেয়ে কার্যকর। তার ইনিংসে ছিল ৫টি চার ও ৪টি ছক্কা। অধিনায়ক বাবর আজম ৪০ বলে ৪৩ রান করে দলকে স্থিতিশীলতা দেন। এই ম্যাচে ব্যক্তিগত এক মাইলফলকও স্পর্শ করেছেন তিনি। প্রথম ব্যাটার হিসেবে এই লিগে ৪০০০ রান পূর্ণ করেন।

লাহোরের হয়ে বল হাতে মোস্তাফিজ ৪ ওভারে ৩০ রান দিয়ে ২ উইকেট নিলেও দলের সামগ্রিক ব্যর্থতায় সেই সাফল্য গুরুত্ব হারায়।

এই জয়ে পেশোয়ার পয়েন্ট তালিকার শীর্ষে উঠে এসেছে। ৫ ম্যাচে ৪ জয় ও ১ ম্যাচ পরিত্যক্ত হওয়ায় তাদের সংগ্রহ ৯ পয়েন্ট। অন্যদিকে ৫ ম্যাচে মাত্র ৪ পয়েন্ট নিয়ে তালিকার নিচের দিকে অবস্থান করছে লাহোর।