গোপালগঞ্জের কোটালীপাড়ায় ভেজাল গুড় তৈরির দায়ে চয়ন সরকার নামের এক ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় ১৫ মণ ভেজাল গুড় পানিতে ফেলে নষ্ট করা হয়।
শনিবার (১১ এপ্রিল) দুপুরে কোটালীপাড়া উপজেলার কলাবাড়ী গ্রামে এ অভিযান চালান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক সাগুফতা হক। চয়ন সরকার কলাবাড়ী গ্রামের রমেশ সরকারের ছেলে।
ইউএনও সাগুফতা হক সাংবাদিকদের বলেছেন, “কলাবাড়ী গ্রামে ভেজাল গুড় তৈরি করা হচ্ছে, এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। ভেজাল গুড় তৈরির প্রমাণ পাওয়ায় চয়ন সরকারকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া, ১৫ মণ ভেজাল গুড় পানিতে ফেলে নষ্ট করা হয়। আমাদের এ ধরনের ভেজালবিরোধী অভিযান অব্যাহত থাকবে।”
স্থানীয়রা জানিয়েছেন, চয়ন সরকার দীর্ঘদিন ধরে ভেজাল গুড় তৈরি করে বাজারে বিক্রি করছিলেন। আদালত এমন অভিযান পরিচালনা করায় তিনি আর এ কাজ করতে সাহস পাবেন না বলে মনে করেন তারা।
অভিযুক্ত চয়ন সরকার বলেছেন, “ভালো গুড়ের সাথে চিনি মিশিয়ে বিভিন্ন বাজার ও মেলায় বিক্রি করতাম। তবে, আমি পচা বা খারাপ গুড় ও চিনি মেশাই না। আগামীতে এমন কাজ আর করব না।”