আন্তর্জাতিক

এক বৈঠকেই চুক্তি হবে এমনটা কেউ আশা করেনি: ইরান

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যেকার শান্তি আলোচনা কোনো সমঝোতা ছাড়াই শেষ হয়েছে। বৈঠকের পরিস্থিতি নিয়ে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখাপত্র ইসমাইল বাঘাই ইরানি গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন। খবর আল-জাজিরার।

ইসমাইল বাঘাই জানান, ইরান এবং যুক্তরাষ্ট্র বেশ কিছু বিষয়ে একটি ‘বোঝাপড়ায়’ পৌঁছাতে সক্ষম হয়েছে। তবে এখনো গুরুত্বপূর্ণ ২ থেকে ৩টি বিষয়ে উভয় পক্ষের মধ্যে মতপার্থক্য রয়ে গেছে।

তিনি বলেন, “৪০ দিনের চাপিয়ে দেওয়া যুদ্ধের পর এই আলোচনা অনুষ্ঠিত হয়েছে এবং তা অবিশ্বাস ও সন্দেহের আবহে অনুষ্ঠিত হয়েছে। এটা স্বাভাবিক যে, আমরা শুরু থেকেই এক বৈঠকে একটি চুক্তিতে পৌঁছানোর আশা করিনি। কেউই তা আশা করেনি।”

এর আগে এক প্রেস ব্রিফিংয়ে বাঘাই বলেছিলেন, “আলোচনার সাফল্য নির্ভর করছে ‘বিপক্ষ দলের আন্তরিকতা ও সদিচ্ছা’ এবং ইরানের বৈধ অধিকার ও স্বার্থের স্বীকৃতির ওপর।”

তেহরান-ওয়াশিংটন পরবর্তী দফার আলোচনার জন্য এখন পর্যন্ত কোনো তারিখ বা স্থান নির্ধারণ করা হয়নি।