সারাদেশের মতো সিরাজগঞ্জেও বেড়েছে সংক্রামক ব্যাধি হামের প্রাদুর্ভাব। গত ২৪ ঘণ্টায় চার শিশু এ রোগের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। এছাড়া, মালিহা বিনতে মাহফুজ নামে ১৭ মাস বয়সী এক শিশু ঢাকায় চিকিৎসাধী অবস্থায় মারা গেছে।
মালিহা সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার বাঙ্গালা ইউনিয়নের ভয়ানগর গ্রামের মো. মুকুল হোসেনের মেয়ে।
রবিবার (১২ এপ্রিল) সকালে ঢাকার শ্যামলী শিশু হাসপাতালের সিসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মালিহা মারা যায় বলে জানিয়েছেন উল্লাপাড়া উপজেলার সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান সবিতা প্লাবনী সুইটি। তিনি সম্পর্কে মালিহার নানি।জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্র জানায়, গত ২৯ মার্চ থেকে হাম রোগী কাউন্ট শুরু হয়েছে। গত ২৪ ঘন্টায় চারজনের শরীরে হামের উপসর্গ শনাক্ত হয়েছে। জেলায় এই সংখ্যা দাঁড়িয়েছে ১০৪ জনে। তাদের মধ্যে ৭৭ জন সুস্থ্য হয়ে বাড়ি ফিরেছে। বর্তমানে মনসুর আলী মেডিকেলে ১৫ এবং সদর জেনারেল হাসপাতালে ২ জন চিকিৎসাধীন।
এছাড়া, উল্লাপাড়ায় ২ জন, রায়গঞ্জে ২ জন, বেলকুচিতে ১ জান, কাজিপুরে ১ জন, তাড়াশে ১ জন ও শাহজাদপুরের হাসপাতালে ১ জন ভর্তি রয়েছে। হামের রোগীর সংখ্যা বাড়ায় শহীদ এম মনসুর আলী হাসপাতালে খোলা হয়েছে বিশেষ আইসোলেশন ওয়ার্ড।
উল্লাপাড়া উপজেলার সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান সবিতা প্লাবনী সুইটি জানান, হামে আক্রান্ত হলে মালিহাকে প্রথমে স্থানীয়ভাবে উল্লাপাড়া হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে ঢাকায় উন্নত চিকিৎসার জন্য ঢাকার শ্যামলী শিশু হাসপাতালের ভর্তি করা হয়। ২০ দিন চিকিৎসাধীন থাকার পর আজ সকালে মালিহা মারা যায়।
সিরাজগঞ্জ সিভিল সার্জন কার্যালয়ের (পরিসংখ্যান কর্মকর্তা) মো. হুমায়ুন কবির জানান, গত ২৪ ঘণ্টায় নতুন করে ৪ শিশু ভর্তি হয়েছে। হামের লক্ষণে চিকিৎসাধীন অবস্থায় ঢাকায় এক শিশুর মৃত্যু হয়েছে শুনেছি। তবে সেটা ঢাকার বিষয়। জেলায় পরিস্থিতি মোকাবিলায় দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া হয়েছে। দিনদিন রোগীর সংখ্যা বাড়ায় শহীদ এম মনসুর আলী হাসপাতালে বিশেষ আইসোলেশন ওয়ার্ড খোলা হয়েছে।”