সারা বাংলা

বন্ধ জুটমিল চালু করতে সরকার উদ্যোগ নিয়েছে: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী

আগামী তিন মাসের মধ্যে নীলফামারীতে বন্ধ থাকা দারোয়ানী টেক্সটাইল মিল চালুর ব্যাপারে উদ্যোগ নিয়েছে সরকার। রবিবার (১২ এপ্রিল) সকালে মিলটি পরিদর্শন শেষে এই তথ্য জানিয়েছেন বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. শরিফুল আলম। 

বিগত সরকারের বিভিন্ন ব্যর্থতার মধ্যে এই মিলগুলো বন্ধ হয়ে যায় উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, এই মিলগুলোকে সচল করতে কাজ করছে সরকার। টেক্সটাইল মিল চালুর জন্য ইতিমধ্যে বিনিয়োগকারী পাওয়া গেছে। 

প্রতিমন্ত্রী বলেন, শুধু নীলফামারীর দারোয়ানী টেক্সটাইল মিলই নয়, দিনাজপুর ও রাজশাহীর টেক্সটাইল মিলসহ দেশের সমস্ত জুটমিল চালুর ব্যাপারেও উদ্যোগ নিয়েছে সরকার। এছাড়াও পাটের সুদিন ফিরিয়ে আনতে সরকার কাজ করছে। কৃষকরা যেন পাটের ন্যায্য মূল্য পায় সেটাতে জোর দেওয়া হয়েছে। 

পলিথিন নির্মূলে পাটের পণ্য ব্যবহারের ওপর ধীরে ধীরে জনসচেতনতা তৈরি করা হবে বলেও জানিয়েছেন প্রতিমন্ত্রী।

প্রতিমন্ত্রী মো. শরিফুল আলম বলেন, ‘‘সব ধরনের প্লাস্টিক পণ্য ব্যবহারে আমরা নিরুৎসাহিত করছি। আমরা আগামী দিনে পাটের জিনিসপত্র ব্যবহার বৃদ্ধির লক্ষ্যে কাজ করবো। দেশীয় বিভিন্ন পাটজাত পণ্যের ব্যবহার কীভাবে বৃদ্ধি করা যায়, সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠানকে উৎসাহিত করা হবে। ইতিমধ্যে দেশের অনেক উদ্যোক্তা ও শিল্পপ্রতিষ্ঠান যারা পাটের জিনিসপত্র তৈরি ও বাজারজাত করছে, তাদের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমান সাক্ষাৎকার করেছেন। দ্রুত একটি বড় পরিকল্পনা হাতে নেওয়া হবে।’’ 

এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন নীলফামারী-২ (সদর) আসনের সংসদ সদস্য আল ফারুক আব্দুর লতিফ, বস্ত্র ও পাট মন্ত্রণালয় সচিব বিলকিস জাহান রিমি, নীলফামারী জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. সাইদুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) এ বি এম ফয়জুল ইসলাম প্রমুখ।