বাংলাদেশে হামের সংক্রমণ উদ্বেগজনকভাবে বাড়ছে। গত ২৪ ঘণ্টায় হামের সংক্রমণ ও উপসর্গ নিয়ে ১০ শিশুর মৃত্যু হয়েছে। মৃত শিশুদের মধ্যে নিশ্চিতভাবে হামে মারা গেছেন ৪ জন ও উপসর্গ নিয়ে মারা গেছেন ৬ জন। একই সময়ে নতুন করে ১ হাজার ২৬৮ জন শিশুর মধ্যে হামের সংক্রমণ সন্দেহ করা হচ্ছে।
রবিবার (১২ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের সমন্বিত নিয়ন্ত্রণ কেন্দ্র থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত সারা দেশে মোট সন্দেহভাজন হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৫ হাজার ৬৫৩ জনে। এর মধ্যে সর্বশেষ ২৪ ঘণ্টায় ১৫০ জনের শরীরে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে। সব মিলিয়ে এখন পর্যন্ত নিশ্চিত হাম রোগীর সংখ্যা ২ হাজার ৬৩৯ জন।
গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া শিশুদের ৯ জন ঢাকা বিভাগ ও একজন খুলনা বিভাগের। ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের সংক্রমণ ও এর উপসর্গ নিয়ে মোট ১৭৯ শিশুর মৃত্যু হয়েছে।
বিভাগভিত্তিক হিসাবে গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি সংক্রমণ শনাক্ত হয়েছে ঢাকা বিভাগে—৫৮০ জন। এর পর রাজশাহী বিভাগে ২৪১ জন এবং চট্টগ্রাম বিভাগে ১৪৫ জন হামে আক্রান্ত হয়েছে। এছাড়া, বরিশালে ৭৬, খুলনায় ১০২, রংপুরে ৪১, সিলেটে ৪৯ এবং ময়মনসিংহে ৩৪ জন শিশুর মধ্যে হাম শনাক্ত হয়েছে।