সৌদি আরবে নির্মাণাধীন ভবন থেকে পড়ে সোবহান খান নামে এক প্রবাসী বাংলাদেশি শ্রমিকের মৃত্যু হয়েছে। শনিবার (১১ এপ্রিল) দেশটির রাজধানী রিয়াদের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
সোবহান খান মাদারীপুর সদর উপজেলার হরিকুমারিয়া এলাকার বাসিন্দা।
স্বজনরা জানান, প্রায় পাঁচ লাখ ঋণ করে ২০২৫ সালের ১৯ নভেম্বর সৌদি আরবে যান সোবহান। সেখানে গিয়ে প্রথম কয়েক মাস কোনো কাজ পাননি তিনি। পরে নির্মাণশ্রমিক হিসেবে কাজ শুরু করেন।
সম্প্রতি কাজ করার সময় বহুতল ভবনের ছাদ থেকে নিচে পড়ে যান। পরে তাকে রিয়াদের নাছিম ব্রাঞ্চ আল-জাজিরা হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার দুপুরে তার মৃত্যু হয়।
মৃতের স্ত্রী মরিয়ম বেগম বলেন, “ধারদেনা করে স্বামীকে বিদেশে পাঠিয়েছিলাম। কিন্তু তিনি কোনো টাকা পাঠাতে পারেননি। এখন ৬ সন্তান নিয়ে কীভাবে চলব, বুঝতে পারছি না।”
তিনি আরো বলেন, “চরম আর্থিক সংকটে মরদেহ দেশে আনার সামর্থ্য নেই। তাই সরকারের সহযোগিতা কামনা করছি।”
মাদারীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওয়াদিয়া শাবাব বলেন, “মরদেহ দেশে আনার বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”