পাকিস্তান সুপার লিগ (পিএসএল) খেলে রোববার দেশে ফিরেছেন মোস্তাফিজুর রহমান, পারভেজ হোসেন ইমন, রিশাদ হোসেন ও তানজিদ হাসান তামিম। জাতীয় দলের হয়ে আসন্ন নিউ জিল্যান্ড সিরিজে অংশ নিতে মোস্তাফিজুর, রিশাদ ও তানজিদ ফিরে এসেছেন।
ওয়ানডে দলে নেই পারভেজ। কিন্তু তাকে ফিরতে হয়েছে চোটের কারণে। সবশেষ ম্যাচে কাঁধের লিগামেন্টে চোট পেয়েছেন তিনি। তাকেও তাই ফিরে আসতে হয়েছে। এদিকে আরও এক ম্যাচ খেলে ফিরবেন শরিফুল ইসলাম ও নাহিদ রানা। পেশাওয়ার জালমি দুজনের জন্য বিসিবির কাছে এক ম্যাচের অনুরোধ করেছিল। পরের ম্যাচটি খেলে তারা দুজন জাতীয় দলের স্কোয়াডে যোগ দেবেন।
পিএসএলে বল হাতে দারুণ সময় কেটেছে মোস্তাফিজুরের। এই ফরম্যাটে এখন বেশ কার্যকরী বোলার হয়ে উঠেছেন তিনি। পিএসএলে সরাসরি চুক্তিতে তাকে দলে নেয় লাহোর কালান্দার্স। ৫ ম্যাচ খেলে ওভারপ্রতি ৭.১৭ রান দিয়ে ৬ উইকেট নিয়েছেন তিনি। তবে রিশাদের সময়টা ভালো কাটেনি। গত পিএসএলে দারুণ বোলিংয়ে নজর কেড়েছিলেন লেগ স্পিনার। এবার ৪ ম্যাচে ২ উইকেট নিতে পেরেছেন ওভারপ্রতি ১১.০৭ রান দিয়ে।
তানজিদ প্রথমবার ফ্রাঞ্চাইজি ক্রিকেটে সুযোগ পেয়েছেন। কিন্তু তাকে মাঠে নামায়নি পেশোয়ার জালমি। অন্যদিকে পারভেজের শুরুটা ভালো ছিল না। প্রথম দুই ম্যাচে রান করেছিলেন ১২ ও ১৪। পরের ম্যাচে ৫ ছক্কায় ১৯ বলে ৪৫ রান করে নিজের মান রাখেন। এরপরই চোটে শেষ হয়ে গেল পিএসএল অধ্যায়। নিউ জিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি খেলতে পারবেন কিনা তা নিয়ে শঙ্কা রয়েছে।
শরিফুল ও নাহিদ পোশোয়ারের হয়ে আলো ছড়িয়েছেন। শরিফুল ৪ ম্যাচে ৪ উইকেট পেয়েছেন। নতুন বলে ভালো আগ্রাসন দেখাচ্ছেন তিনি। নাহিদ প্রথম ম্যাচে উইকেট না পেলেও পরের দুই ম্যাচে আগুনে বোলিংয়ে পেয়েছেন ৫ উইকেট। তার বোলিং গতি নিয়ে বেশ চর্চা হচ্ছে পিএসএলে। আগামীকাল পেশোয়ার জালমির পরের ম্যাচ। ম্যাচটি খেলে ১৪ এপ্রিল তারা বাংলাদেশে ফিরবেন।