রাজবাড়ীর পদ্মায় লিটন খান (৪২) নামে এক রিকশাচালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রবিবার (১২ এপ্রিল) সকাল সাড়ে ৯ টার দিকে রাজবাড়ী সদর উপজেলার উড়াকান্দা গ্রামের ডাক্তারখানা এলাকায় পদ্মানদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
লিটন খানের বাবার নাম আক্কাস খান। বাড়ি সদর উপজেলার রাধাকান্তপুর গ্রামে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ইসমাইল নামে এক যুবক সকালে নদীতে গোসল করতে যায়। এ সময় মরদেহটি নদীতে ভাসতে দেখে এলাকার লোকজনকে সে খবর দেয়। পরে নৌপুলিশ এসে মরদেহ উদ্ধার করে জেলা সদর হাসপাতালের মর্গে পাঠায়।
নিহতের স্ত্রী হালিমা বেগম বলেন, ‘‘প্রতিদিনের মত শনিবার সন্ধ্যার পর রিকশা নিয়ে বের সে (লিটন)। রাত ১০টার দিকে তাকে ফোন দেই। ফোন ধরে না। রাত ১১টার দিকে আবারও ফোন দেই কিন্তু রিসিভ করে না। এরপর ফোন বন্ধ পাই। রাত দুইটা বেজে যায় তাও সে বাড়িতে না আসায় বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করি। সকালে নদীতে তার লাশ পাই।’’
রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা উত্তম কুমার ঘোষ বলেন, নদী থেকে একটি মরদেহ উদ্ধার করেছে নৌপুলিশ । মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিক ধারণা রিকশা ছিনতাই করতেই তাকে হত্যা করা হয়েছে।