শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য বাংলাদেশ দলে ডাক পেয়েছেন জুয়ায়রিয়া ফেরদৌস। সেই সঙ্গে সাড়ে ছয় বছর পর জাতীয় দলে ফিরেছেন শারমিন সুলতানা।
শ্রীলঙ্কার বিপক্ষে আসন্ন হোম সিরিজ দিয়ে বাংলাদেশ আইসিসি উইমেন্স চ্যাম্পিয়নশিপের নতুন চক্র শুরু করবে। যেখানে প্রতিটি ওয়ানডে খুবই গুরুত্বপূর্ণ। ওয়ানডে বিশ্বকাপের পরের আসরে সরাসরি খেলতে বড় ভূমিকা রাখবে এসব ম্যাচের পয়েন্ট। তাইতো প্রতিভাবান খেলোয়াড়দের সঙ্গে অভিজ্ঞ ক্রিকেটারদের ফিরিয়ে দল বাছাই করেছেন নির্বাচকরা।
জুয়ায়রিয়া ওয়ানডে দলে সুযোগ হবে তা বোঝা যাচ্ছিল। দ্রুত রান তোলার কাজটা ভালোভাবে করতে পারেন তিনি। গত নভেম্বরে জাতীয় লিগ টি-টোয়েন্টিতে ১৩১.২৫ স্ট্রাইক রেটে ১৮৯ রান করেছিলেন। বিশ্বকাপ বাছাই পর্বে সাত ম্যাচে তাকে খেলানো হয়। থাইল্যান্ডের বিপক্ষে ৪৫ বলে ৫৬ রানের ইনিংসটি ছিল তার সেরা।
শারমিন সুলতানা বাংলাদেশের হয়ে সবশেষ খেলেছেন ২০১৯ সালের নভেম্বরে। ১৩ ওয়ানডে খেলা ৩২ বছর বয়সী শারমিন গত জানুয়ারিতে বাংলাদেশ ‘এ’ দলের হয়ে খেলেছেন থাইল্যান্ডে রাইজিং স্টার্স এশিয়া কাপে। তাকে এবার ফেরানো হয়েছে জাতীয় দলে। সঙ্গে আছেন অফস্পিনার সুলতানা খাতুনও। গত জানুয়ারিতে টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইয়ের বাংলাদেশ দলে ছিলেন এই অফ স্পিনার। ১৫ মাস পর দলে ফিরেছেন ১৬ ওয়ানডেতে ১৯ উইকেট পাওয়া সুলতানা।
ওয়ানডে দল থেকে বাদ পড়েছেন রুবাইয়াদ হায়দার ঝিলিক, সুমাইয়া আক্তার ও অফ স্পিনার নিশিতা আক্তার।
শুক্রবার বাংলাদেশে আসবে শ্রীলঙ্কা নারী ক্রিকেট দল। রাজশাহীতে দুই দলের প্রথম ওয়ানডে ২০ এপ্রিল। পরের দুইটি ম্যাচ একই ভেনু্যতে ২২ ও ২৫ এপ্রিল। টি-টোয়েন্টি সিরিজ হবে সিলেটে। ২৮ ও ৩০ এপ্রিল প্রথম দুই টি-টোয়েন্টি। তৃতীয় টি-টোয়েন্টি ২ মে।
বাংলাদেশ ওয়ানডে দল
নিগার সুলতানা (অধিনায়ক), নাহিদা আক্তার (সহ-অধিনায়ক), ফারজানা হক, সোবহানা মোস্তারি, ফাহিমা খাতুন, শারমিন আক্তার সুপ্তা, রিতু মনি, স্বর্ণা আক্তার, রাবেয়া খান, শারমিন সুলতানা, মারুফা আক্তার, ফারিহা ইসলাম তৃষ্ণা, সুলতানা খাতুন, সানজিদা আক্তার মেঘলা ও জুয়ায়রিয়া ফেরদৌস।
স্ট্যান্ড বাই: দিলারা আক্তার, শরিফা খাতুন, ফারজানা ইয়াসমিন ও তাজ নেহার।