সারা বাংলা

পয়লা বৈশাখে বান্দরবানের ৪ পর্যটন কেন্দ্রে প্রবেশ করা যাবে বিনামূল্যে

পয়লা বৈশাখ উপলক্ষে বান্দরবান জেলা প্রশাসনের উদ্যোগে জেলার চারটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র উন্মুক্ত করা হয়েছে। ফলে মঙ্গলবার (১৪ এপ্রিল) দর্শনার্থীরা কোনো প্রবেশ মূল্য ছাড়াই- নীলাচল, মেঘলা, চিম্বুক ও প্রান্তিক লেক ঘুরে আসতে পারবেন।

রবিবার (১২ এপ্রিল) অতিরিক্ত জেলা প্রশাসক এস এম হাসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, পয়লা বৈশাখ উদযাপন উপলক্ষে আয়োজিত প্রস্তুতিমূলক সভায় সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর আওতায় ১৪ এপ্রিল (পয়লা বৈশাখ) বান্দরবান জেলা প্রশাসন পরিচালিত নীলাচল, মেঘলা, চিম্বুক ও প্রান্তিক লেক পর্যটন কেন্দ্রে সব দর্শনার্থীর জন্য বিনামূল্যে প্রবেশের ব্যবস্থা রাখা হয়েছে।

এই উদ্যোগের ফলে ভ্রমণপিপাসুরা অতিরিক্ত ব্যয়ের চাপ ছাড়াই সহজে এসব দর্শনীয় স্থান ঘুরে দেখতে পারবেন এবং উৎসবের আনন্দ উপভোগ করতে পারবেন। 

জেলা প্রশাসনের এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। তাদের মতে, এ ধরনের পদক্ষেপ পর্যটন খাতকে আরো প্রাণবন্ত করে তুলবে এবং পর্যটকদের বান্দরবানে আসতে আগ্রহ বাড়াবে।