সাবেক প্রধান উপদেষ্টা অধ্যাপক মো. ইউনূস ও সাবেক স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে হাম ও অন্যান্য রোগের শিশুদের টিকা নিয়ে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ এনে তদন্তের দাবি জানিয়েছেন সুপ্রিম কোর্টের দুই আইনজীবী।
টিকা নিয়ে অনিয়মে জড়িতদের বিরুদ্ধে তদন্তপূর্বক ব্যবস্থা নিতে সোমবার (১৩ এপ্রিল) আইনজীবী বিপ্লব কুমার দাশ ও ব্যারিস্টার সানাউল্লাহ নূরে সাগর দুদক চেয়ারম্যান বরাবরে আবেদন জমা দিয়েছেন।
এতে অভিযোগ করা হয়, সম্প্রতি সারা দেশে হামের প্রাদুর্ভাবে শতাধিক শিশুর মৃত্যুর বিষয়টি রাষ্ট্রের একজন সচেতন নাগরিক ও বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী হিসেবে আমাকে মারাত্মকভাবে ব্যথিত, উদ্বিগ্ন এবং চিন্তিত করেছে। সরকারিভাবে শিশুদের হামসহ অন্যান্য জনগুরুত্বপূর্ণ বিভিন্ন রোগের টিকার সংকট এবং এর ফলে সৃষ্ট হামের প্রকোপ বেড়ে যাওয়া ও শিশুমৃত্যুর সংবাদ বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়েছে, যা সত্যিই উদ্বেগজনক।
অভিযোগে বলা হয়, হামে আক্রান্ত হয়ে একের পর এক শিশুমৃত্যুর ঘটনায় সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এবং স্বাস্থ্য উপদেষ্টা ড. নূরজাহান বেগমের দায় রয়েছে বলে রাষ্ট্রের সাধারণ নাগরিক ও স্বাস্থ্য বিশেষজ্ঞরা বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যম ও গণমাধ্যমে মতামত ব্যক্ত করেছেন।
এছাড়া, বর্তমান সরকার স্বাস্থ্য মন্ত্রণালয়ে হামের টিকা ও সিরিঞ্জের অভাবকে পূর্ববর্তী সরকারের সৃষ্ট সমস্যা বলেও মন্তব্য করছে। তাই এ বিষয়ে তদন্তপূর্বক ব্যবস্থা নিতে দুদকের অনুসন্ধান জরুরি।