চলমান জ্বালানি সংকটের মধ্যে নাটোরের গুরুদাসপুরে অর্ধশতাধিক গাড়ি নিয়ে শোডাউন করায় উপজেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মাসুদ রানা প্রামাণিককে দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
সোমবার (১৩ এপ্রিল) কেন্দ্রীয় ছাত্রদলের দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত পত্র থেকে এ তথ্য জানা গেছে।
দলীয় সূত্র জানায়, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে মাসুদ রানার বিরুদ্ধে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আরো পড়ুন: জ্বালানি সংকটের মধ্যে অর্ধশত গাড়ি নিয়ে ছাত্রদল নেতার শোডাউন
আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থিতা জানান দিতে রবিবার গুরুদাসপুর পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠ থেকে মাসুদ রানার নেতৃত্বে একটি বড় শোডাউন বের হয়। প্রায় ৫০টি গাড়ির বহরে অংশ নেন ৪০০ নেতাকর্মী। বহরটি উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পৌর শহরের চাঁচকৈড় বাজার এলাকায় গিয়ে শেষ হয়।
শোডাউনের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনা শুরু হয়। বিশেষ করে চলমান জ্বালানি সংকটের মধ্যে এমন আয়োজন নিয়ে প্রশ্ন ওঠে। একই সঙ্গে বহরের ব্যয়ের উৎস নিয়েও আলোচনা-সমালোচনা শুরু হয়।
নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় মাইক্রোবাস সমিতির সদস্য জানান, শোডাউনে অংশ নেওয়া প্রতিটি গাড়ির ভাড়া কমপক্ষে ৫ হাজার টাকা। সে হিসেবে মোট ব্যয় হয়েছে প্রায় ২ লাখ ৫০ হাজার টাকা।
এ বিষয়ে মাসুদ রানা মোবাইল ফোনে ৫০টি গাড়ি অংশ নেওয়ার বিষয়টি স্বীকার করলেও ব্যয়ের উৎস সম্পর্কে বিস্তারিত জানাতে রাজি হননি। তিনি ফেসবুক লাইভে দাবি করেন, শোডাউনের অধিকাংশ গাড়িই এলপিজি ও সিএনজিচালিত ছিল।
নাটোর জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মারুফ ইসলাম সৃজন বলেন, “বিষয়টি কেন্দ্রীয় ছাত্রদলের নজরে আসার পর সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগে তাকে দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।”