কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার নারায়ণপুর ইউনিয়নের উত্তর ঝাউকুটি সীমান্ত থেকে দুই বাংলাদেশিকে আটক করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। অনুপ্রবেশের অভিযোগে তাদের আটক করা হয় বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
আটকের বিষয়টি নিশ্চিক করেছেন নারায়নপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান।
আটকরা হলেন- নাগেশ্বরী উপজেলার নারায়ণপুর ইউনিয়নের অষ্টমীর চর এলাকার বাগমারা গ্রামের সোলাইমান হোসেন এবং ভূরুঙ্গামারী উপজেলার দক্ষিণ বলদিয়া কুমারটারী গ্রামের মৃত আনোয়ার হোসেনের ছেলে সোহাগ মিয়া।
বিজিবি ও স্থানীয় সূত্র জানায়, রবিবার রাতে উত্তর ঝাউকুটি সীমান্তের ১০৩৭ নম্বর আন্তর্জাতিক সীমানা পিলারের পাশ দিয়ে দুজন ভারতের আসাম রাজ্যের ধুবরী জেলার টাকিমারী এলাকায় প্রবেশ করেন। এ সময় সেখানকার বাসিন্দাদের সহায়তায় বিএসএফ সদস্যরা তাদের আটক করে।
কুড়িগ্রাম-২২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাহবুব উল হক জানান, দুই বাংলাদেশিকে আটকের বিষয়টি তারা নিশ্চিত হয়েছেন। আটকদের ফেরত আনার জন্য বিএসএফকে পতাকা বৈঠকের আহ্বান জানানো হয়েছে।