সারা বাংলা

নিখোঁজের ১১ দিনেও মাদ্রাসা ছাত্র তন্ময়ের খোঁজ মেলেনি

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় নিখোঁজের ১১ দিন পেরিয়ে গেলেও মাদ্রাসার হিফজ বিভাগের ছাত্র সামিয়াত আরাফাত তন্ময়ের (১৩) সন্ধান মেলেনি। সন্তানের কোনো খোঁজ না পেয়ে পরিবারের সদস্যরা উৎকণ্ঠায় দিন কাটাচ্ছেন। 

নিখোঁজ তন্ময় উপজেলার গনিপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ছলিম উদ্দিন ভূঁইয়া বাড়ির মনোয়ার হোসেন মনুর ছেলে। তন্ময় গনিপুর জামিয়া ইসলামীয়া মাহমুদিয়া মাদ্রাসার হিফজ বিভাগের ছাত্র। 

পরিবার সূত্রে জানা গেছে, গত ১ এপ্রিল বিকেলে মাদ্রাসা থেকে বের হওয়ার পর থেকে তন্ময় নিখোঁজ। এরপর থেকে তার আর কোনো সন্ধান পাওয়া যায়নি। ছেলে নিখোঁজ হওয়ার পর থেকে তার মা খাওয়া-দাওয়া ছেড়ে একেবারে ভেঙে পড়েছেন। এ ঘটনায় গত ৫ এপ্রিল বেগমগঞ্জ মডেল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন তন্ময়ের বাবা।

মাদ্রাসার অধ্যক্ষ মুফতি আফসারুল ইসলাম বলেন, ঘটনার দিন আসরের নামাজের সময় তন্ময় ও তার সহপাঠী সাইফুল ইসলাম মাদ্রাসা থেকে বের হয়ে যায়। এরপর থেকে তাদের দুজনের কেউ ফিরে আসেনি।

বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামসুজ্জামান বলেন, এ বিষয়ে গুরুত্ব সহকারে খতিয়ে দেখা হবে।