গাজীপুরে ১০ হাজার পিস ইয়াবাসহ দুই নারীকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা। রবিবার (১২ এপ্রিল) দিবাগত রাত ১০টার দিকে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- ব্রাহ্মণবাড়িয়ার আওলাকান্দা গ্রামের হাবি মিয়ার মেয়ের মিতু আক্তার(২৪) ও পঞ্চবটি গ্রামের সিরাজ মিয়ার মেয়ে শারমিন (১৯)।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্র জানায়, রবিবার রাতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে টঙ্গী পূর্ব থানাধীন হিমারদিঘী আমতলী এলাকায় অভিযান চালিয়ে দুই নারীকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১০ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়।
গাজীপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সহকারী পরিচালক শাহীন মাহমুদ বলেন, “দুই নারী দীর্ঘদিন ধরে মাদক কারবারে জড়িত। তাদের টঙ্গী পূর্ব থানার হস্তান্তর করা হলে নিয়মিত মামলা দিয়ে কারাগারে পাঠানো হয়েছে।”